জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ার প্রাক্তন নক্ষত্র ব্য়াটার মাইকেল হাসি পেলেন বিরাট প্রমোশন। ২০০৭ সালের ওডিআই বিশ্বকাপজয়ী হাসির কাঁধে এখন গুরুদায়িত্ব। অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের অস্ট্রেলীয় কোচিং দলে কনসালটেন্ট কোচ হিসেবে যোগ দিলেন হাসি। ছ'বারের বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার সামনে এখন ব্যাক-টু-ব্যাক মেগা ইভেন্ট। ২০২৭ সালে অজিরা ইংল্যান্ডে ঐতিহ্যের অ্যাশেজ খেলবে। এরপর রয়েছে ওডিআই বিশ্বকাপ, যা হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়াতে। ২০২৮ সালে আবার পরপর লস অ্যাঞ্জেলস অলিম্পিক্স ও টি-২০ বিশ্বকাপ রয়েছে ,সম্ভবত অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডে হবে। সেখানে আবার হাসির ভূমিকা টি২০ অ্যাডভাইজরের। সাম্প্রতিক বছরগুলিতে ম্যাকডোনাল্ডের অধীনে অস্ট্রেলিয়া দলের সঙ্গে স্বল্পমেয়াদে কাজ করেছেন হাসি—মূলত প্রতি বছর পার্থ টেস্টের আগে অতিরিক্ত ব্যাটিং পরামর্শক হিসেবে তিনি থাকেন। তবে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন এবং আইপিএলে চেন্নাই সুপার কিংস ও ‘দ্য হান্ড্রেড’-এ ওয়েলশ ফায়ারের কোচিং স্টাফে যুক্ত থাকায়, তিনি অন্য কোনও দায়িত্ব নেওয়ার সুযোগ পাননি। চলতি বছরের শুরুর দিকে নিউ জিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং যখন ইংল্যান্ড টেস্ট দলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন তিনি তাঁর দীর্ঘদিনের সহকর্মী হাসিকে নিজের কোচিং দলে আসার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু হাসি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে কোচিং পরামর্শক হিসেবেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই নতুন দায়িত্বের অংশ হিসেবেই তিনি ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে থাকবেন এবং পরবর্তীতে পার্থে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রস্তুতিতেও সহায়তা করবেন।
হাসি আসতেই হাসি ফুটল কোচের
হাসি নতুন দায়িত্ব নিয়ে বলেন, 'সাম্প্রতিক সময়ে এই দল অনেক কিছু অর্জন করেছে। সামনে যে রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং সময় আসছে, তাতে আমি কোচিং স্টাফ এবং খেলোয়াড়—উভয় দলের জন্যই কার্যকর অবদান রাখতে পারব বলে আশা করছি।' ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতির পুরো সময়জুড়ে হাসি কোচিংয়ে সহায়তা করবেন দলকে। এর আগেও অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালীন মরসুমে তিনি একই ধরনের দায়িত্ব পালন করেছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে হাসির এই নতুন অধ্যায় শুরু হবে চলতি মাসে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। ৫১ বছর বয়সী হাসি কাজ শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তিনি বলেন, 'আগামী বছরগুলিতে দলের সঙ্গে আরও আনুষ্ঠানিক ও অর্থবহ ভূমিকায় যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।' তিনি আরও যোগ করেন, 'আগামী ১২ মাসে টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি রয়েছে। এই সময়ে টি-টোয়েন্টি সংক্রান্ত বাড়তি সহায়তা প্রদানের জন্য মাইক দলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, কোচ এবং নির্বাচকদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করবেন।' হাসির দলে আসায় ম্যাকডোনাল্ডে খুশি। তিন বলেন, 'অতীতে মাইক আমাদের দলের অত্যন্ত মূল্যবান সদস্য ছিলেন। তাঁর দক্ষতা কোচ এবং খেলোয়াড়, উভয় পক্ষের জন্যই সহায়ক। বিভিন্ন ফরম্যাট, প্রতিযোগিতা ও দেশে খেলোয়াড় এবং কোচ হিসেবে তাঁর যে অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে, তা যেমন অমূল্য; তেমনই একজন মানুষ হিসেবেও তিনি অসাধারণ গুণাবলির অধিকারী।' বোঝাই যাচ্ছে অজিরা পূর্ণ আগ্রাসনেই সব বড় টুর্নামেন্টে ঝাঁপাতে চলেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)