পুজোর পরেই বিয়ে কাব্য-অনিরুদ্ধর! আমন্ত্রিত মোদী-স্ট্যালিন থেকে বিজয়-রেবন্ত, চেন্নাইয়ে বিরাট রিসেপশন
জল্পনার অবসান। পুজোর পরেই পুজোর পরেই বিয়ে কাব্য-অনিরুদ্ধর! আমন্ত্রিত মোদী-স্ট্যালিন থেকে বিজয়-রেবন্ত, চেন্নাইয়ে বিরাট রিসেপশন নভেম্বরে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁদের সম্পর্ক নিয়ে বিগত কয়েক বছর ধরেই বেশ জল্পনা চলছিল। তবে পাত্র এক্স হ্য়ান্ডেলে লিখেছিলেন, 'বিয়ে? হা হা...আরে চিল করুন সবাই। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন।' কিন্তু এসবই ছিল নজর ঘোরানোর কৌশল। অবশেষে চলে এল পাকা খবর। পুজোর পরেই চার হাত এক হচ্ছে দক্ষিণের বিখ্যাত সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর ও সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারানের। নভেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির চেনা দুই মুখ। তাঁদের বিয়ের অনুষ্ঠানে কিন্তু দেশের অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরাই থাকবেন। সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান এবং তার স্ত্রী কাভেরি মারান মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে শুরু করে দিয়েছেন। ওদিকে অনিরুদ্ধর বাবা-মা অভিনেতা রবি রাঘবেন্দ্র ও লক্ষ্মী রবিচন্দরও ছেলের বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন। কালানিথি ও অনিরুদ্ধর বাবা-মা—অভিনেতা রবি রাঘবেন্দ্র ও লক্ষ্মী রবিচন্দরের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।
আরও পড়ুন: 'রিলের চক্করেই চাপা পড়বেন'! পাপারাজ্জিদের একটাই পরামর্শ... বৈভবের ভিডিয়ো ভাইরাল
জানাল সিএমও আনুষ্ঠানিক ভাবে!
মোদীর সঙ্গেই তেলেঙ্গনার মুখ্যমন্ত্রী আনুমুলা রেবন্ত রেড্ডি ওরফে রেবন্ত আন্না এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় পেয়েছেন বিয়ের আমন্ত্রণ। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিনও রিসেপশনে আমন্ত্রিত। যা অতিথির তালিকায় আরও এক বিশিষ্ট নাম যুক্ত করেছে।মারানের মা-বাবা থালাপতি বিজয়ের সঙ্গেও দেখা করেন এবং তাঁকে রিসেপশনে আসার আমন্ত্রণ জানান। অনিরুদ্ধও সেখানে ছিলেন। তেলেঙ্গনা মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকেই প্রথম আনুষ্ঠানিক ভাবে এই আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে। এক্স পোস্টে সিএমও জানিয়েছে। জুবিলি হিলসে রেবন্ত রেড্ডির বাসভবনে গিয়েও দেখা করেছেন মারানের মা-বাবা। পোস্টে লেখা হয়েছে, 'সান গ্রুপের চেয়ারম্যান শ্রী কালানিথি মারান এবং তাঁর স্ত্রী শ্রীমতি কাভেরি মারান, জুবিলি হিলসে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী এ রেবন্ত রেড্ডির বাসভবনে এসে, তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের কন্যা কাব্য মারানের রিসেপশনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।' পোস্টে রিসেপশনের তারিখও লেখা হয়েছে। আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে কাব্য-অনিরুদ্ধর রিসেপশন হচ্ছে। রাজনীতি, সিনেমা ও ক্রিকেটের বিশিষ্টদের সমাগম ঘটবে বলেই আশা করা হচ্ছে।
কে কাব্য মারান?
সালটা ছিল ২০১৮। কেকেআর ও এসআরএইচ মুখোমুখি হয়েছিল। ম্যাচ চলাকালীন সেই প্রথমবার ক্যামেরার তাক করেছিল তাঁকে। এরপর রাতারাতি ভাইরাল হয়ে যান সেই আইপিএলের 'মিস্ট্রি গার্ল'। সকলের প্রশ্ন ছিল-সেই সুন্দরী কে? পরে জানা যায় তিনি কাব্য। সান গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠাতা কালনিথি মারানের মেয়ে। টিভি চ্যানেল, সংবাদপত্রের সঙ্গেই রয়ছে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা রয়েছে সানের। এফএম রেডিও স্টেশন চালানোর পাশাপাশি সান ডিটিএইচ পরিষেবাও দেয়। দেশের অন্যতম বৃহৎ মিডিয়া গ্রুপের মালকিই কাব্যর বাবা। কাব্য এই মুহূর্তে সান টিভি নেটওয়ার্ক লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর। সানরাইজার্স হায়দরাবাদের সিইও বটে। এসআরএইচ ছাড়াও কাব্য কিন্তু এসএ২০ লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপ ফ্র্যাঞ্চাইজিরও মালকিন। এসআরএইচ একবারের আইপিএলজয়ী টিম। ওদিকে সানরাইজার্স ইস্টার্ন দু'বারের এসএ২০ লিগের চ্যাম্পিয়ন। কাব্যর ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক ৪০০ থেকে ৫০০ কোটি। কাব্যর শরীরে করুণাণিধি-স্ট্যালিনেরই রক্ত। তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রয়াত রাজনীতিবিদ এম করুণানিধির প্রপৌত্রী কাব্য। তাঁর কাকা দয়ানিধি মারানও আবার সুপরিচিত রাজনীতিবিদ।
আরও পড়ুন: কে হবেন আগরকরের বিকল্প? ১০০ টেস্ট খেলা দুই প্রাক্তনের প্রস্তাব খারিজ! অথৈ জলে বিসিসিআই
অনিরুদ্ধ রবিচন্দর আজ দেশের অত্যন্ত জনপ্রিয় এবং শীর্ষস্থানীয় সংগীত পরিচালক, সুরকার এবং গায়ক। তিনি মূলত দক্ষিণ ভারতের সিনেমায় (বিশেষ করে তামিল সিনেমায়) কাজ করলেও বর্তমানে বলিউড-সহ পুরো ভারতীয় সিনেমায় তাঁর ব্যাপক জনপ্রিয়তা। ২০১১ সালের শেষের দিকে মাত্র ২১ বছর বয়সে তাঁর প্রথম সুর করা গান 'হোয়াই দিস কোলাভেরি ডি' ইউটিউবে রিলিজ করার পর বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। 'বিক্রম', 'জেলার', 'লিও' 'মাস্টার' ও 'কাত্থিতে' তাঁর কাজ সুপারহিট। শাহরুখ খানের সুপারডুপার হিট সিনেমা 'জওয়ান' এর মিউজিকও অনিরুদ্ধর। অনিরুদ্ধর পরিবারও বেশ হেভিওয়েট। দেশের বিখ্যাত চলচ্চিত্র পরিবারের সন্তান তিনি। বাবা রবি রাঘবেন্দ্র অভিনেতা এবং মা লক্ষ্মী রবিচন্দর একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। সেই সূত্রে ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার রজনীকান্ত হন তাঁর মামা! আনুমানিক ৫০ থেকে ৬০ কোটি টাকার মালিক অনিরুদ্ধ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)