জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টিম ইন্ডিয়ার টিনেজ সেনসেশন বৈভব সূর্যবংশীর ভিডিয়ো ভাইরাল। বিমানবন্দরে তাকে দেখতে পেয়েই উৎসাহী পাপারাজ্জিরা ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁদের বৈভব একটাই পরামর্শ দিয়েছে। মজার অথচ গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে ক্রিকেটার। সদ্যসমাপ্ত এশিয়াডে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠান যোগ দিতে বৈভব যখন দিল্লি বিমানবন্দরে পা রেখেছিল, তখনই পাপারাজ্জিরা বৈভবকে ঘিরে ধরেন। বৈভব যদিও তাঁদের হতাশ করেনি, বরং হাসিমুখেই ছবি তোলার জন্য পোজ দিয়েছে। তবে একই সঙ্গে সে তাদের সতর্ক করে বলেছে, ছবি তোলার সময় যেন তাঁরা চারপাশের পরিস্থিতির দিকে খেয়াল রাখেন, যাতে কোনও গাড়ির নীচে চাপা না পড়ে যান! বৈভব বলে, 'রিল কে চক্কর ম্য়ায় ঠুক জাওগে'! বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়- 'রিলের চক্করেই চাপা পড়বেন'! ১৫ বছর বয়সী বিস্ময় প্রতিভা বৈভব। বাইশ গজে এখন সে রীতিমতো আলোচিত নাম। বিধ্বংসী ব্য়াটার যেখানেই যায় বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তাকে ধাওয়া করে। যদিও এই কিশোর ক্রিকেটার ছবি বা ভিডিও তোলার অনুরোধ কখনই ফিরিয়ে দেয় না, তবুও সে চায় পাপারাজ্জিরা যেন সতর্ক থাকেন। তার দেওয়া মজার সতর্কবার্তা সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।
কী বললেন মোদী
গত বৃহস্পতিবার নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে মোদী এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় দলের সদস্যদের সঙ্গে তাঁর মত বিনিময় করেন। অনুষ্ঠানে ক্রীড়াবিদ, কোচ এবং কর্তারা উপস্থিত ছিলেন, যাঁরা এশিয়াডে ভারতের পারফরম্যান্স উদযাপনের জন্য এক হয়েছিলেন। খেলোয়াড়দের উদ্দেশ্যে মোদী বলেন, 'যখনই সুযোগ পাবেন, আপনাদের গ্রাম ও শহরের শিশুদের সঙ্গে দেখা করবেন। বিভিন্ন স্কুলে যান। যে মাঠে আপনারা খেলা শুরু করেছিলেন, সেখানে আবার ফিরে যান। আপনাদের অভিজ্ঞতা সেই শিশুদের জন্য অত্যন্ত মূল্যবান হতে পারে। হতে পারে আপনাদের সঙ্গে সামান্য কথা বলেই কোনও শিশু খেলাধুলোয় এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত হবে।' খেলার মাঠের বাইরেও খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং জানান যে, খেলাধুলা কীভাবে শৃঙ্খলা শেখায় এবং ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে সাহায্য করে। মোদীর সংযোজন, 'দেশের যুবসমাজ কেবল খেলাধুলোর জন্যই আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পায় না, কারণ খেলাধুলোর ভূমিকা কেবল মাঠের মধ্যেই সীমাবদ্ধ নয়। খেলাধুলা আমাদের জীবনে শৃঙ্খলা শেখায়। জীবনে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানো এবং হেরে গিয়েও জয়ী হওয়ার শিক্ষা আমরা খেলাধুলো থেকেই পাই। কীভাবে দীর্ঘ সময় ধরে লক্ষ্যের প্রতি অবিচল থাকতে হয় এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিজেকে গড়ে তুলতে হয়—তা খেলাই আমাদের শেখায়। আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠে। এই ক্রীড়াসুলভ মনোভাব সারা জীবন কাজে আসে। আমি সবসময় বলি, 'যে খেলবে, সে-ই বিকশিত হবে'। বোঝাই যাচ্ছে মোদীর কথা শুনে সকলেই অনুপ্রাণিত হয়েছেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)