জিতেই মাথায় আকাশ ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার, আচমকাই ছিটকে গেলেন নক্ষত্র ক্রিকেটার! এই মহাবিপর্যয়ে কে হবেন ত্রাতা?
প্রথম টি-২০আই জিতেই মাথায় আকাশ ভেঙে পড়ল টিম ইন্ডিয়ার, আচমকাই ছিটকে গেলেন দলের নক্ষত্র ক্রিকেটার!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ণাঙ্গ ফরম্যাটের সিরিজ খেলছে ভারত-নিউ জিল্যান্ডে। তিন সংস্করণ মিলিয়ে রয়েছে ৫টি টি-টোয়েন্টি, ৫টি ওডিআই এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ২টি টেস্ট ম্যাচ। গত বৃহস্পতিবার ক্রায়েস্টচার্চের হ্যাগলি ওভালে শুভারম্ভ হয়েছে সিরিজের। প্রথম টি২০আই ম্য়াচে শ্রেয়স আইয়ার অ্যান্ড কোং মিচেল স্য়ান্টনারদের রুদ্ধশ্বাস ম্য়াচে চার উইকেটে হারিয়ে দিয়েছে। এখন সিরিজে ১-০ এগিয়ে ভারত। আগামী শনিবার রয়েছে দ্বিতীয় টি-২০ আই। খেলা হবে হ্যাগলি ওভালেই। তবে মাঠে নামার আগেই বড় ধাক্কা খেল টিম। চোটের কারণে ছিটকে গেলেন নক্ষত্র উইকেটকিপার-ব্য়াটার ঈশান কিষান। বিসিসিআই বিবৃতি দিয়ে জানাল, 'সিরিজের প্রথম টি-টোয়েন্টিআইতে ঈশান কিষানের লো গ্রেড রাইট অ্যাডাক্টর স্ট্রেইন হয়েছে। তিনি ছিটকে গিয়েছেন। বিসিসিআই মেডিক্যাল টিম পুরো বিষয়টি মনিটর করছে।' মোদ্দা কথায় ডান পায়ের কুঁচকির পেশিতে সামান্য টান লাগায় ঈশানের খেলা হবে না।
চোটেই ঈশানের ব্য়াটিং অর্ডার বদল!
প্রথম টি-২০আইতে ঈশান খেলেছিলেন। তিন বলে এক রান করে ফেরেন তিনি। তবে তিনি নেমেছিলেন পাঁচে। সাধারণত তিনি তিনে নামেন ব্য়াট করতে। দু'ধাপ পিছিয়ে যাওয়ার কারণ হিসেবে ব্যাটিং কোচ সীতাংশু কোটাক চোটের কথাই বলেছেন সাংবাদিকদের। তিলক ভার্মা এবং শ্রেয়স আইয়ার ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়েছিলেন প্রথম ম্যাচে। যা নিয়ে চর্চা হয়েছে। কোটাকই বলেন, 'আমিও দেখলাম যে, অনেক জল্পনা-কল্পনা চলছে, তবে শুধু ঈশানের কুঁচকিতে টান লেগেছিল বলেই ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়েছে।' বিসিসিআই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার আগেই কোটাক সাংবাদিকদের জানিয়ে দিয়েছিলেন যে, ঈশানের পক্ষে দ্বিতীয় ম্যাচে খেলা সম্ভব হবে না। কোটাক বলেন, 'আগামীকালের ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা কম'।
আরও পড়ুন: WATCH: স্রেফ ১ ছক্কায় অভিষেকের বিশ্বরেকর্ড! মুছে দিলেন আফগানিস্তানের শিনওয়ারির মাইলস্টোন
দরজা খুলবে বৈভব সূর্যবংশীর
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পুরো টি-টোয়েন্টিআই সিরিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে বেঞ্চে গরম করার পর, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বৈভব সূর্যবংশী প্রথম একাদশে ফিরতে পারেন। কোটাক নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন। বলেছেন বৈভব দলে ঢোকার শক্তিশালী দাবিদার। কোটাকের সংযোজন, 'যদি ঈশান না খেলে—অর্থাৎ সে যদি পুরোপুরি সুস্থ না হয়ে ওঠে, যে বিষয়ে মেডিক্যাল টিম পরামর্শ দেবে—তবে তাঁর জায়গায় বৈভব নিশ্চিত ভাবেই দলে আসতে পারে। ও অন্যতম শক্তিশালী দাবিদার।' দেখা যাক এবার এশিয়াডের সোনাজয়ী সুযোগ পেলে বিদেশের মাটিতে কী করতে পারে! ঈশানের চোট তেমন গুরুতর নয়, বিশ্রাম নিলেই তিনি সুস্থ হয়ে যাবেন। ফলে মনে করা যেতে পারে যে, তৃতীয় ম্যাচে হয়তো তিনি ঠিক হয়ে যাবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)