জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ‘ইন্ডিয়া’ জোটের শরিক সমাজবাদী পার্টি (সপা) ও কংগ্রেস ঐক্যবদ্ধ থাকার বার্তা দিলেও, আসন সমঝোতা ঘিরে দুই দলের অভ্যন্তরীণ মতপার্থক্য ক্রমেই প্রকট হয়ে উঠছে। বিশেষ করে পশ্চিম উত্তরপ্রদেশে নতুন করে সংঘাতের আবহ তৈরি হয়েছে। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা অমীমাংসিত থাকা সত্ত্বেও সমাজবাদী পার্টি সাহারানপুর ও বেহাত আসনে প্রার্থী ঘোষণা করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ তথা রাজ্যের কার্যনির্বাহী সভাপতি ইমরান মাসুদ। জোটসঙ্গী অখিলেশ যাদবের একতরফা সিদ্ধান্তের কড়া সমালোচনা করে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, “আমরা কি ভিখারি?”
মঙ্গলবার রাতে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনের জন্য পাঁচটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে সমাজবাদী পার্টি। ওই তালিকায় বেহাত থেকে উমর আলি খান, সাহারানপুর থেকে আশু মালিক, কাইরানা থেকে নাহিদ হাসান, আমরোহা থেকে মেহবুব আলি এবং ললিতপুর থেকে জ্যোতি লোধির নাম ঘোষণা করা হয়। দুই দলের মধ্যে দ্বিতীয় দফার আসন বণ্টন বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই প্রার্থী তালিকা প্রকাশ্যে আসায় উত্তরপ্রদেশের জোট সমীকরণে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সপা-র এই পদক্ষেপের পরই ক্ষোভে ফেটে পড়েন ইমরান মাসুদ। তিনি বলেন, “আমি এটা বুঝতে পারছি না। এটা আমার বোধের বাইরে। আমরা কি ভিখারি? আপনি আমাদের সঙ্গে এমন আচরণ করবেন, যে আমরা আপনার কাছে আসন চাইছি না অথচ আপনি ২৬টি আসন ঘোষণা করে দিলেন? আমরা তো আপনার কাছে আসন দাবিই করিনি। তাই যদি আপনার কাজের ধরন এটাই হয় যে আপনি শর্ত চাপিয়ে দেবেন, তাহলে আমার মতো আত্মসম্মানবোধসম্পন্ন মানুষ এই বিষয়গুলো বোঝে না।”
সূত্রের খবর অনুযায়ী, ইমরান মাসুদের অসন্তোষ কেবল কংগ্রেস মোট ক’টি আসন পাবে, সেই বৃহত্তর প্রশ্নেই সীমাবদ্ধ নয়। নিজের জেলা সাহারানপুরের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্র— বেহাত এবং সাহারানপুর আসনে সমাজবাদী পার্টির প্রার্থী ঘোষণায় তিনি বিশেষভাবে ক্ষুব্ধ। সূত্র বলছে, ইমরান মাসুদ চান ওই দুটি আসনে কংগ্রেস নিজেদের প্রার্থী দিক এবং ওই দুই কেন্দ্রে কংগ্রেসের লড়াই করার বিষয়ে তিনি অনড়। তাঁর মতে, সমাজবাদী পার্টির এই একতরফা ঘোষণা জোট রাজনীতির নীতি ও আদর্শের পরিপন্থী। পরবর্তী পদক্ষেপ ঠিক করার আগে তিনি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং হাইকমান্ডের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। নেতৃত্বের বক্তব্য জানার পরই তিনি নিজের অবস্থান প্রকাশ্যে আনবেন বলে জানা গিয়েছে।
পশ্চিম উত্তরপ্রদেশে কংগ্রেসের নির্বাচনী রণকৌশলের নিরিখে এই বিরোধের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাহারানপুর ও আশপাশের বিধানসভা কেন্দ্রগুলি কংগ্রেসের নির্বাচনী হিসাব-নিকেশে বরাবরই গুরুত্বপূর্ণ জায়গা ধরে রেখেছে। আগামী ডিসেম্বরে রাহুল গান্ধী সাহারানপুর থেকেই উত্তরপ্রদেশে দলের প্রচার অভিযান শুরু করতে পারেন বলে চর্চা রয়েছে। এমন এক প্রেক্ষাপটে, রাজ্যে প্রচার শুরু করার ঠিক আগেই প্রধান বিরোধী জোটসঙ্গীর সঙ্গে প্রকাশ্য সংঘাতে জড়ানো কংগ্রেসের পক্ষে কতটা সমীচীন হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সব মিলিয়ে, উত্তরপ্রদেশের আগামী বিধানসভা নির্বাচনের আগে আসন বণ্টনের টানাপোড়েন সপা ও কংগ্রেসের জোটের সংহতিকে বড়সড় পরীক্ষার মুখে দাঁড় করিয়ে দিয়েছে। এখন দেখার, কংগ্রেস হাইকমান্ডের হস্তক্ষেপে এবং পরবর্তী আলোচনায় এই বিরোধের সুরাহা হয় কি না, নাকি আরও তীব্র আকার নেয় জোটের অন্দরের এই টানাপোড়েন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)