অয়ন ঘোষাল: শীতের ছুটিতে সিকিম যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে নতুন বছরের শুরু থেকেই আপনার ভ্রমণের খরচ কিছুটা বাড়তে পারে। ১ জানুয়ারি, ২০২৭ থেকে সিকিমের একাধিক জনপ্রিয় পর্যটন রুটে গাড়ি নিয়ে প্রবেশের ক্ষেত্রে চালু হচ্ছে নতুন পারমিট ব্যবস্থা এবং সংশোধিত প্রবেশমূল্য।
সিকিম সরকার রাজ্যের সংরক্ষিত বনাঞ্চল, সীমাবদ্ধ এলাকা এবং অন্যান্য নিয়ন্ত্রিত অঞ্চলে পর্যটক যানবাহনের প্রবেশের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট এলাকায় প্রবেশ করতে হলে পর্যটকদের পারমিট সংগ্রহ করতে হবে। পাশাপাশি গাড়ির আসনসংখ্যা, ইঞ্জিনের ক্ষমতা এবং কোন এলাকায় যাওয়া হচ্ছে, তার উপর নির্ভর করে দিতে হবে নির্ধারিত ফি।
নতুন পারমিট ব্যবস্থার দায়িত্বে কারা?
নতুন নির্দেশিকা অনুযায়ী, পারমিট ব্যবস্থার সামগ্রিক তদারকির দায়িত্বে থাকবে সিকিমের স্বরাষ্ট্র দফতর। অন্যদিকে, পর্যটক এবং অন্যান্য যোগ্য দর্শনার্থীদের পারমিট দেওয়ার দায়িত্ব পালন করবে পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ দফতর। নতুন পারমিট ব্যবস্থা এবং সংশোধিত ফি কাঠামো কার্যকর হবে ১ জানুয়ারি, ২০২৭ থেকে।
সিকিমের বাসিন্দাদের জন্য ছাড়
সিকিমের স্থায়ী বাসিন্দাদের জন্য পারমিট ফি-তে বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। সিকিম সাবজেক্ট সার্টিফিকেট (এসএসসি), সার্টিফিকেট অব আইডেন্টিফিকেশন (সিওআই), রেসিডেন্সিয়াল সার্টিফিকেট (আরসি) অথবা সিকিমের ভোটার পরিচয়পত্র রয়েছে, এমন বাসিন্দাদের পারমিট ফি দিতে হবে না।
এ ছাড়াও সাঙ্কালাং ও ফেদাং রুট দিয়ে জোংগু এলাকায় হোমস্টেতে থাকা কিংবা দর্শনে যাওয়া পর্যটকদের পারমিট ফি এবং পরিষেবা চার্জ থেকে ছাড় দেওয়া হয়েছে।
কোন গাড়ির জন্য কত ফি?
নতুন নিয়মে গাড়ির আসনসংখ্যা এবং ইঞ্জিনের ক্ষমতা অনুযায়ী প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে। গ্যাংটক, পাকইয়ং এবং মাঙ্গান বিভাগের জন্য ফি-র পরিমাণও আলাদা।
১,০০০ সিসির বেশি ইঞ্জিন ক্ষমতাসম্পন্ন পাঁচ আসন পর্যন্ত চারচাকা গাড়ির ক্ষেত্রে গ্যাংটক ও পাকইয়ং বিভাগে দিতে হবে ১,৫০০ টাকা। মাঙ্গান বিভাগে এই ফি ১,২০০ টাকা।
৬ থেকে ১০ আসনের গাড়ির ক্ষেত্রে গ্যাংটক ও পাকইয়ং বিভাগে প্রবেশমূল্য ২,৫০০ টাকা। মাঙ্গান বিভাগে দিতে হবে ১,৫০০ টাকা।
১১ থেকে ১৫ আসনের ফোর্স বা ট্রাভেলার গাড়ির জন্য গ্যাংটক ও পাকইয়ং বিভাগে ফি ৪,৫০০ টাকা। মাঙ্গান বিভাগে এই খরচ ২,৫০০ টাকা।
বড় বাসের ক্ষেত্রে আসনসংখ্যা অনুযায়ী প্রবেশমূল্য ৩,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে।
মোটরসাইকেলে সিকিম ভ্রমণেও বাড়তি খরচ
যাঁরা বাইকে সিকিম ঘুরতে যান, তাঁদের জন্যও নতুন ফি কাঠামো চালু হচ্ছে। ব্যক্তিগত মোটরসাইকেলে সিকিমের সীমাবদ্ধ এলাকায় প্রবেশ করতে হলে দিতে হবে ৭৫০ টাকা। বাইকে সঙ্গে আরোহী থাকলে অতিরিক্ত ৩৫০ টাকা দিতে হবে। অন্যদিকে, সিকিমে নথিভুক্ত স্থানীয় ট্যাক্সি মোটরসাইকেলের ক্ষেত্রে চালকের জন্য ফি ৩৫০ টাকা এবং আরোহীর জন্য ২৫০ টাকা ধার্য করা হয়েছে।
অতিরিক্ত টাকা নেওয়া যাবে না
পারমিটের নামে পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় বন্ধ করতে কড়া নির্দেশ দিয়েছে সিকিম সরকার। নির্ধারিত ফি-র বাইরে কোনও সরকারি দপ্তর, গ্রাম পঞ্চায়েত কিংবা অন্য কোনও সংস্থা অতিরিক্ত বা অননুমোদিত টাকা নিতে পারবে না।
তাই নতুন বছরের শুরুতে সিকিম ভ্রমণের পরিকল্পনা থাকলে গাড়ি নিয়ে কোন এলাকায় যাবেন, সেই অনুযায়ী পারমিট এবং প্রবেশমূল্যের বিষয়টি আগে থেকেই জেনে নেওয়া ভালো। বিশেষ করে ব্যক্তিগত গাড়ি বা বাইকে সীমাবদ্ধ এলাকায় যাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম মেনে চলতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)