জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রুজ শিল্পে নতুন অধ্যায়। দেশের ক্রুজ পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যেতে মুম্বইয়ে এসে পৌঁছল কর্ডেলিয়া ক্রুজেসের দ্বিতীয় বিলাসবহুল জাহাজ 'কর্ডেলিয়া স্কাই'। সংস্থার মতে পর্যটকদের ভ্রমণের সুযোগ যেমন বাড়বে, তেমনই সংস্থায় যাত্রী পরিবহণের ক্ষমতাও একলাফে আরও বেশি হবে। এর ফলে ভারতে ক্রুজ পর্যটনের ভিত আরও মজবুত হবে।
ভারতে বাণিজ্যিক কার্যক্রম শুরু করার প্রায় পাঁচ বছর পর নিজেদের বহরে এই দ্বিতীয় জাহাজটি যুক্ত করল সংস্থাটি। এর আগে তারা নিজেদের প্রথম জাহাজ 'কর্ডেলিয়া এমপ্রেস'-এর হাত ধরে ভারতে যাত্রা শুরু করেছিল। নতুন জাহাজটি যুক্ত হওয়া তাদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ।
২,৪০০ জনেরও বেশি যাত্রী ধারণক্ষমতা
'কর্ডেলিয়া স্কাই'-এ একসঙ্গে প্রায় ২,৪০৪ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। মোট ১২টি ডেক বিশিষ্ট এই জাহাজটি লম্বায় প্রায় ৮৪৮ ফুট। এর মোট ওজন ৭৭,১০৪ গ্রস টন, যা জাহাজটির বিশাল আকার ও সক্ষমতাকে তুলে ধরে। জাহাজে খাবার ও পানীয়ের জন্য রয়েছে ১০টি বিশেষ জায়গা। বিনোদনের জন্য রয়েছে ১১টি বার ও লাউঞ্জ। খাবারের মেনুতে আঞ্চলিক ভারতীয় পদের পাশাপাশি মিলবে ইতালীয় ও জাপানি খাবারের স্বাদ। এ ছাড়া যাত্রীদের জন্য রয়েছে বুফে রেস্তোরাঁ, ক্যাফে এবং সমুদ্রমুখী ডাইনিং ব্যবস্থা।
বিনোদনের হরেক আয়োজন
যাত্রীদের বিনোদন ও আরামের দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে। জাহাজে রয়েছে দুটি সুইমিং পুল, পাঁচটি হট টাব এবং ৩০,০০০ বর্গফুটেরও বেশি খোলা ডেক। লাইভ শো ও বিভিন্ন অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে ৯৩০ আসনের একটি আধুনিক মার্কি থিয়েটার। এ ছাড়াও রয়েছে স্পোর্টস কোর্ট, পিকলবল খেলার সুবিধা, ফিটনেস সেন্টার, স্পা ও সেলুন, গেমিং লাউঞ্জ এবং শিশুদের জন্য আলাদা খেলার জায়গা। যাত্রীদের থাকার সুবিধার জন্য রাখা হয়েছে সুইট, মিনি-সুইট, ওশান-ভিউ ও ইন্টেরিয়র কেবিনসহ বিভিন্ন ধরনের ঘরের বিকল্প।
লোকসান কাটিয়ে বড় মুনাফা
ব্যবসায়িক দিক থেকেও বড় সাফল্য পেয়েছে কর্ডেলিয়া ক্রুজেসের মূল সংস্থা 'ওয়াটারওয়েজ লেইজার ট্যুরিজম প্রাইভেট লিমিটেড'। গত সেপ্টেম্বর ত্রৈমাসিকে তারা লোকসান কাটিয়ে লাভের মুখ দেখেছে। গত বছরের একই সময়ে যেখানে সংস্থাটির ৮.৯ কোটি টাকা নিট লোকসান হয়েছিল, সেখানে চলতি বছরের এই ত্রৈমাসিকে তারা ৫৮.৫ কোটি টাকা নিট মুনাফা করেছে। একই সঙ্গে সংস্থার আয় ১০১.৫ কোটি টাকা থেকে প্রায় ৩১ শতাংশ বেড়ে হয়েছে ১৩২.৯ কোটি টাকা। ওয়াটারওয়েজ লেইজারের এই ব্যবসায়িক সাফল্যে মূল ভূমিকা পালন করেছে কর্ডেলিয়া ক্রুজেস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)