ধনতেরাসের আগেই ধামাকা 'অফার'! হুড়মুড়িয়ে কমল সোনা-রুপোর দাম, কত হল? সস্তায় সোনা কেনার সেরা সুযোগ
Gold Silver Price Crash: ধনতেরাস ও দীপাবলির ঠিক আগে ভারতীয় বাজারে বড়সড় পতন সোনা ও রুপোর দামে। এমসিএক্স বাজারে সোনার দাম দেড় লক্ষ টাকার নিচে নামায় কিছুটা স্বস্তিতে মধ্যবিত্ত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধনতেরাস এবং দীপাবলির ঠিক আগে সোনা-রুপোর দামে বড় ধরনের পতন দেখা গেল। উৎসবের মরশুমের ঠিক প্রাক্কালে সোনা ও রুপোর দাম একলাফে অনেকখানি কমে যাওয়ায় খুশির হাওয়া ক্রেতাদের মধ্য়ে। বিনিয়োগকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। এমসিএক্স গোল্ড এদিন প্রতি ১০ গ্রামে ১ লক্ষ ৪০ হাজার টাকার নীচে নেমে যায়। পাশাপাশি রুপোর দামও চার হাজার টাকার বেশি কমে যায়।
সোনার দামে বিরাট ধস
আন্তর্জাতিক বাজারে বুলিয়ন মার্কেটের পতনের প্রত্যক্ষ প্রভাব পড়েছে দেশীয় বাজারেও। বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি সংক্রান্ত উদ্বেগ, মার্কিন ডলারের শক্ত অবস্থান এবং মার্কিন ফেডের কঠোর আর্থিক নীতির সম্ভাবনার কারণে বিনিয়োগকারীরা সোনা ও রুপোর মতো নিরাপদ বিনিয়োগ বিকল্পের দিকে আরও বেশি করে নির্ভর করছেন। এর জেরে গত কয়েক সপ্তাহ ধরেই সোনা-রুপোর দামে নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছিল, যা দীপবলি উৎসবের মুখে আরও বড় আকার নিয়েছে।
সোনার দাম কমার কারণ
বিশেষজ্ঞদের মতে, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির ফলে বিশ্ব বাজারে মূল্যবৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। এর ফলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর পরিবর্তে উচ্চ হারে ধরে রাখতে পারে বা সুদের হার আরও বাড়াতে পারে বলে জল্পনা চলছে। এখন সোনা, রুপোর মতো ধাতু কোনও নির্দিষ্ট সুদ দেয় না, তাই সুদের হার চড়া থাকলে বন্ড বা অন্যান্য সুদের হারযুক্ত সম্পত্তিতে বিনিয়োগের ঝোঁক স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায়। এই অর্থনৈতিক সমীকরণের কারণেই সোনা এবং রুপোর মতো বহুমূল্য ধাতু বিক্রি বাড়ছে এবং দাম দ্রুত কমছে।
বিশেষজ্ঞদের সতর্কবার্তা
সাধারণত ধনতেরাস ও দীপাবলি উৎসবে সোনা, রুপো কেনার ক্ষেত্রে মানুষের মধ্যে বাঁধভাঙা উল্লাস দেখা যায়। এইসময় সোনার গয়না বা রুপোর সামগ্রী কেনাকে শুভ বলে মনে করা হয়। তাই চলতি মরশুমে দামের এই বড় পতনের ফলে সাধারণ মধ্যবিত্ত পরিবারে স্বাভাবিকভাবেই খুশির হাওয়া। তবে মধ্যবিত্ত পরিবারগুলি কিছুটা স্বস্তি পেলেও, বিনিয়োগকারীরা বর্তমান বাজার পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন।
অনেকে একে সস্তায় সোনা কেনার সুবর্ণ সুযোগ হিসেবে দেখলেও, বাজারের বর্তমান অস্থিতিশীলতার কারণে বিশেষজ্ঞ মহল এখনই খুব বেশি ঝুঁকি না নেওয়ার পরামর্শ দিচ্ছেন। সবমিলিয়ে, উৎসবের মরশুমে সোনা-রুপোর এই অপ্রত্যাশিত দরপতন বাজারকে বেশ ভালোভাবেই প্রভাবিত করেছে।
আরও পড়ুন, এবছর ধনতেরাস কখন শুরু, কখন শেষ? সোনা কেনার শুভ মুহরত কখন?
আরও পড়ুন, ধনতেরাসে সোনা কেনা কেন শুভ? জানুন ৫ কারণ
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)