বিনোদন ও প্রযুক্তির মেলবন্ধন: জি এন্টারটেইনমেন্টের নয়া চিফ এআই ও ট্রান্সফরমেশন অফিসার তুষার ভোরা
কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) শক্তিতে এবার বিনোদনে নতুন যুগের সূচনা! জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড তাদের চিফ এআই ও ট্রান্সফরমেশন অফিসার পদে নিযুক্ত করল প্রযুক্তি বিশেষজ্ঞ তুষার ভোরাকে। সঙ্গে যুক্ত হলেন আরও ৩ জন প্রথম সারির টেক-বিশেষজ্ঞ।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্রুত পরিবর্তনশীল বিনোদন ও সম্প্রচার জগতে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে বৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে এক ঐতিহাসিক পদক্ষেপ করল জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড। ভবিষ্যতে এই সংস্থাকে আধুনিক প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরিত করার কৌশলগত লক্ষ্য নিয়ে ‘চিফ এআই অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার’ পদে নিযুক্ত করা হল প্রযুক্তি বিশেষজ্ঞ তুষার ভোরাকে। সোমবার, ২ নভেম্বর এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে জি এন্টারটেইনমেন্ট।
মুম্বইয়ে সংস্থার মূল সদর দফতর থেকে নতুন দায়িত্ব সামলাবেন তুষার ভোরা। তিনি সরাসরি রিপোর্ট করবেন জি এন্টারটেইনমেন্টের ডেপুটি সিইও এবং প্রধান আর্থিক আধিকারিক মুকুন্দ গালগলির কাছে। তুষার ভোরার হাত ধরে সংস্থাটির সমস্ত প্ল্যাটফর্মজুড়ে এআই এবং ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত উন্মুক্ত হতে চলেছে। তাঁর প্রাথমিক দায়িত্ব, বিশ্বজুড়ে এআই প্রযুক্তির আধুনিকতম প্রয়োগ ঘটিয়ে ব্যবসার পারফরম্যান্স বাড়ানো, পরিচালনগত দক্ষতা বৃদ্ধি করা এবং বিনোদন অভিজ্ঞতাকে দর্শকদের জন্য আরও আকর্ষণীয় করে তোলা।
প্রযুক্তি ও ডিজিটাল ট্রান্সফরমেশন ক্ষেত্রে তুষার ভোরার দুই দশকেরও বেশি অভিজ্ঞতা। এর আগে বহু খ্যাতনামা সংস্থায় প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং এবং অপারেশনস বিভাগে গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করেছেন তিনি। বড় মাপের প্রতিষ্ঠানে স্কেলেবল এআই স্ট্র্যাটেজি বাস্তবায়নে তাঁর জুড়ি মেলা ভার।
প্রযুক্তিগত এই রূপান্তর প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে তুষার ভোরার পাশাপাশি এক শক্তিশালী ও অভিজ্ঞ টেক-লিডারশিপ টিমও গঠন করেছে জি । নতুন এই প্রযুক্তি দলটির সদস্যরা সরাসরি তুষারকে রিপোর্ট করবেন:
১.টনি থমাস (হেড – এআই অ্যান্ড ট্রান্সফরমেশন): ১৮ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন টনি ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার, ডেভঅপস এবং কোয়ালিটি ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়ে বিশেষজ্ঞ। বৃহৎ প্রযুক্ত কাঠামোর আধুনিকীকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন।
২. আশুতোষ শুক্লা (হেড – অপারেশনস ট্রান্সফরমেশন): ২৪ বছরের দীর্ঘ অভিজ্ঞতা সমৃদ্ধ আশুতোষের মূল দক্ষতা এআই, সাইবার সিকিউরিটি এবং এন্টারপ্রাইজ-ওয়াইড ডিজিটাল ট্রান্সফরমেশনে। সংস্থার সামগ্রিক কার্যপ্রণালীকে নতুন রূপ দেবেন তিনি।
৩. বিবেক পান্ডে (ট্রান্সফরমেশন লিড – বিজ্ঞাপন সংক্রান্ত কার্যক্রম ও বিক্রি): ডিজিটাল প্ল্যাটফর্ম, অ্যাড-টেক (Ad-tech) এবং রাজস্ব কৌশলে পারদর্শী বিবেক কাজ করবেন বিজ্ঞাপন সংক্রান্ত পরিচালনা ও মনিটাইজেশন প্ল্যাটফর্মের আধুনিকীকরণ নিয়ে।
নতুন এই নিয়োগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংস্থার ডেপুটি সিইও মুকুন্দ গালগলি। তিনি বলেন, "জি এন্টারটেইনমেন্টে আমাদের মূল লক্ষ্য হল প্রযুক্তিকে উদ্ভাবন ও গ্রোথের জন্য ব্যবহার করা। বদলে যাওয়া দর্শক পছন্দের সঙ্গে তাল মিলিয়ে একটি দ্রুত অপারেটিং ইকোসিস্টেম গড়ে তোলা অত্যন্ত জরুরি। তুষার ও তাঁর দক্ষ দল প্রযুক্তির এই যাত্রাপথকে ত্বরান্বিত করবে।"
দায়িত্ব গ্রহণ করে তুষার ভোরা জানান, "কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবন আজ সামগ্রিক ভ্যালু চেইনকে বদলে দেওয়ার এক বিশাল সুযোগ এনে দিয়েছে। জি-কে একটি ভবিষ্যতে উপযোগী প্রযুক্তিনির্ভর সংস্থায় রূপান্তর করার এই যাত্রায় যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।"
বর্তমান যুগে কনটেন্ট ও বিনোদনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক মেলবন্ধন ঘটিয়ে দর্শকদের পার্সোনালাইজড এবং ইমার্সিভ অভিজ্ঞতা দেওয়ার জন্য সংস্থার এই কৌশলগত পরিবর্তন আন্তর্জাতিক মিডিয়া ও বিনোদন শিল্পে এক নতুন মানদণ্ড স্থাপন করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)