উৎসবের আনন্দ সবার জন্য! বিশেষ চাহিদাসম্পন্ন ২৯০ শিশুকে নিয়ে সরকারের পুজো পরিক্রমা
Durga Puja 2026: উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে মহাপঞ্চমীর সকালে শিলিগুড়িতে বিশেষ উদ্যোগ পর্যটন দপ্তরের! ২৯০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও অভিভাবকদের নিয়ে আয়োজিত হলো শহর পরিক্রমা।
নারায়ণ সিংহ রায়: শিলিগুড়িতে পুজো পরিক্রমায় রাজ্য সরকারের বিশেষ উদ্য়োগ। পর্যটন দপ্তরের উদ্যোগে সমাজের ২৯০ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের অভিভাবককে শহর শিলিগুড়ির বিশেষ বিশেষ পুজো পরিক্রমা করানো হচ্ছে।
উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে মহাপঞ্চমীর সকালে বিশেষ উদ্যোগ নিল রাজ্যের পর্যটন দপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থা ‘উত্তরণ’। উত্তরবঙ্গ হ্যান্ডিক্যাপ রিহ্যাবিলিটেশন সোসাইটির সহযোগিতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে শিলিগুড়িতে আয়োজন করা হলো পুজো পরিক্রমার। এই পরিক্রমায় প্রায় ২৯০ জন শিশু ও তাঁদের অভিভাবক অংশগ্রহণ করেন। শিলিগুড়ি শহরের মোট ১৪টি পুজো মণ্ডপ ঘুরে দেখার সুযোগ পাচ্ছে তারা।
বৃহস্পতিবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে বিশেষভাবে সাজানো বাসগুলির যাত্রার শুভ সূচনা হয়। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ এবং স্বেচ্ছাসেবী সংস্থা উত্তরণের প্রতিনিধিরা পতাকা নেড়ে বাসগুলির যাত্রার সূচনা করেন। শিশুদের মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সারাদিনের খাওয়াদাওয়া ও আনন্দের নানা ব্যবস্থাও করা হয়েছে বলে জানান পর্যটন মন্ত্রী।
অনুষ্ঠানে পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ বলেন, পুজো শুধুমাত্র ব্যক্তিগত আনন্দ কিংবা ক্লাবকেন্দ্রিক উৎসব নয়। সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং বয়স্ক মানুষদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যেই উৎসবের প্রকৃত সার্থকতা। প্রত্যেকের জীবনে যাতে উৎসবের আনন্দ পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।