১৮ খানা সোপকেস! NJP স্টেশনে চলন্ত ট্রেনের AC কামরায় তল্লাশিতে মিলল কোটি টাকার... থ পুলিস
NJP Station: অসম থেকে চেন্নাই পাচারের আগেই বানচাল ছক! নিউ জলপাইগুড়ি স্টেশনে ডাউন শিলচর আরোনাই এক্সপ্রেসে যৌথ অভিযান চালিয়ে ১৮টি সাবান কেস থেকে প্রায় ২৫০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার। গ্রেফতার ৩।
নারায়ণ সিংহ রায়: শিলচর আরোনাই এক্সপ্রেসে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার! নিউ জলপাইগুড়ি স্টেশনে গ্রেফতার দুই মহিলা-সহ ৩। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে যৌথ অভিযান চালিয়ে ব্রাউন সুগার উদ্ধার। ১৫৬০৮ ডাউন শিলচর আরোনাই এক্সপ্রেসের এসি কামরায় অভিযান চালিয়ে দুই মহিলা-সহ তিনজনকে আটক করে শিলিগুড়ি স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) টিম ও NJP জিআরপির সাদা পোশাকের পুলিশ।
ধৃতদের কাছ থেকে প্রায় ২৫০গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় কোটি টাকারও বেশি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এনজেপি জিআরপি সূত্রে জানা গিয়েছে, ধৃত তিনজনই অসমের হাইলাকান্দি এলাকার বাসিন্দা। তাঁরা অসম থেকে ট্রেনে চেপে চেন্নাইয়ের উদ্দেশে যাচ্ছিল। সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে ডাউন শিলচর আরোনাই এক্সপ্রেসের এসি কামরায় তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানের সময় তিনজনকে চিহ্নিত করে নিউ জলপাইগুড়ি স্টেশনের ৬নম্বর প্ল্যাটফর্মে নামানো হয়। তল্লাশিতে দুটি ব্যাগের সন্ধান পান তদন্তকারীরা। একটি ব্যাগের মধ্যে ৮টি ও অন্য একটি ব্যাগের মধ্যে ১০টি সাবান কেস ছিল। সব মিলিয়ে ১৮টি সোপকেসের ভিতর থেকে প্রায় ২৫০গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত করা হয়।
ধৃতদের নাম আব্দুল হালিম মজুমদার (৩১), রাজিয়া বেগম লস্কর (২৮) ও খাজিজা বেগম লস্কর (৩২)। তিনজনেরই বাড়ি অসমের হাইলাকান্দি এলাকার বাসিন্দা। ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ শুরু করেছে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে। কোথা থেকে এই মাদক সংগ্রহ করা হয়েছিল ও চেন্নাইয়ে কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল,তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছেন কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন, শিলিগুড়ির শান্তিনগরে দুঃসাহসিক ছিনতাই! স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিস
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)