নারায়ণ সিংহ রায়: গণতন্ত্র বাঁচাও ও অরাজকতা দূর করার আহ্বানে শিলিগুড়িতে বিজেপির মহামিছিল। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী- সুকান্ত মজুমদার। রাজ্যে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা এবং অরাজকতার পরিবেশ দূর করার দাবিতে ব্যাপক রাজনৈতিক কর্মসূচির ডাক দিল শাসকদল বিজেপি। মঙ্গলবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশাল পদযাত্রা। "বাঘাযতীন পার্ক চলো" স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই মিছিলে সাধারণ মানুষের বিপুল জনসমাগম ঘটবে বলে আশা করছে দলীয় নেতৃত্ব।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকা থেকে এই পদযাত্রাটি শুরু হয়ে হিলকার্ট রোড হয়ে মহাত্মা গান্ধী চকে গিয়ে শেষ হবে। রাজনৈতিক অরাজকতা দূর করার পাশাপাশি এই কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য হল নিখুঁত ভোটার তালিকা তৈরি, এসআইআর প্রক্রিয়া এবং সাধারণ মানুষের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা গড়ে তোলা।
এই কর্মসূচি সম্পর্কে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অরুণ মন্ডল জানান, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষা নিশ্চিত করতেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। বিরোধীরা যেভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে তাতে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিখুঁত ভোটার তালিকা তৈরি এবং সাধারণ মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে এই মেগা মিছিলে সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের অভূতপূর্ব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
দলীয় নেতৃত্বের মতে, বর্তমান পরিস্থিতিতে দেশের ও রাজ্যের শক্তিকে সুসংগঠিত করতে জনগণের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই "সবল ভারত, সুন্দর বাংলা" গড়ে তোলার আহ্বানে সাধারণ মানুষ ও দলীয় সমর্থকদের এই পদযাত্রায় দলে দলে যোগ দেওয়ার জন্য বিশেষ আহ্বান জানানো হয়েছে। এই মেগা মিছিলকে ঘিরে ইতিমধ্যে স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে এবং কর্মসূচি সাফল্যমণ্ডিত করতে জোরকদমে প্রস্তুতি চালানো হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মিছিলে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সহ রাজ্য ও জেলা বিজেপির শীর্ষ নেতৃত্বরা। মঙ্গলবার সকালে প্রথমে শিলিগুড়ি পৌঁছে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এরপর সেখান থেকে ভারতীয় মহিলা ক্রিকেট দলের উইকেট কিপার ব্যাটার রিচা ঘোষ ও প্রবীণ বিজেপি নেতা মাখন সরকারের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়ার কর্মসূচি রয়েছে। এরপর সেখান থেকে মিছিলে যোগ দেবেন শুভেন্দু অধিকারী এবং মিছিল শেষে মহাত্মা গান্ধী চকে একটি পথসভা করবেন তিনি।
এদিকে মঙ্গলবারের কর্মসূচিকে কেন্দ্র করে শিলিগুড়ির নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতা এখন তুঙ্গে। সোমবার মিছিলে নির্ধারিত পথ, যান চলাচল নিয়ন্ত্রণ, বাঘাযতীন পার্ক সহ সম্ভাব্য সকল স্থান পরিদর্শন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রেজা। পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রেজা জানান, "শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর আসার কর্মসূচি রয়েছে। আমরা নিরাপত্তার বিষয়গুলি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খতিয়ে দেখছি। বাঘাযতীন পার্ক থেকে যে রোড শো বা পদযাত্রাটি অনুষ্ঠিত হবে, তার রুট ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)