কিরণ মান্না: গরু নিয়ে রাজ্য সরকারের কড়া অবস্থানের পরও বন্ধ হয়নি অবৈধ কারবার! কাঁথিতে অবৈধ বড়সড় কসাইখানার হদিশ পেল পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে পুলিসের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে বিরাট পুলিস বাহিনী গভীর রাতে অভিযান চালায়। নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় মুখার্জি, কাঁথির মহকুমা পুলিশ আধিকারিক সুনয়ন বসু ও রামনগরের ডি-এস-পি-ডি-এন-টি।
পুলিস সূত্রে খবর, কাঁথি থানার ছোট দারুয়া এলাকায় একটি গোপন ডেরায় অবৈধভাবে কসাইখানা চালানোর খবর পায় পুলিস। এরপর কাঁথি থানার পুলিশ বাহিনী সেখানে অভিযান চালায়। তল্লাশিতে ২১টি গরু, প্রায় ২০০ কেজি গরুর মাংস এবং কারবারে ব্যবহৃত বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়। ঘটনাস্থল থেকেই ছয়জনকে আটক করে পরে গ্রেফতার করা হয়।
এই কারবারের সঙ্গে আন্তঃরাজ্য গরু পাচার চক্রের কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিস। ধৃতদের আদালতে পেশ করা হলে ধৃতদের বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের নেটওয়ার্ক এবং এর পিছনে আর কারা জড়িত, তা জানার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর আদি বাড়ি কাঁথিতে। সেখানে পুলিসের নিয়মিত টহলদারি ও নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে এমন অবৈধ কসাইখানা চলছিল,তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পুলিস কড়া অবস্থানে পদক্ষেপ নিয়েছে।
রাজ্য সরকারের গরু সংক্রান্ত কড়া অবস্থানের পরও এই ধরনের কারবারের হদিশ মেলায় বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। যদিও পুলিস সূত্রের দাবি, এই অবৈধ কারবারটি সম্প্রতি শুরু হয়েছিল। খবর পাওয়ার পরই দ্রুত অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিস। পুলিসের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। পাশাপাশি এমন অভিযানে পুলিশের একটি বড় ছোট সাফল্য বলেও মনে করা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)