কলকাতা থেকে মালদহে গিয়ে সোনার দোকানে হাতসাফাই, ধর্মতলা এলাকা থেকে পাকড়াও ২ মহিলা
Malda: সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করা হয় ২ মহিলাকে। তার পর থেকে আসরে নামে ইংরেজবাজার থানার পুলিস
রণজয় সিংহ: কলকাতা থেকে সুদূর মালদহে গিয়ে সোনার দোকানে হাতসাফাই। ইরেজবাজারের একটি দোকান থেকে সোনার চেন নিয়ে চম্পট দেন দুই মহিলা। তদন্ত নেমে তাদের দুজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিস। প্রশাসনের তত্পরতায় অত্যন্ত খুশি স্বর্ণ ব্যবসায়ী সমিতি।
ক্রেতা সেজে প্রায় ১২ গ্রাম সোনা চুরির ঘটনায় ওই ২ মহিলাকে গ্রেপ্তার করেছে মালদার ইংরেজবাজার থানার পুলিস। ধৃতদের নাম মুমতাজ বিবি ও সোনিয়া ইয়াসমিন। মুমতাজের বাড়ি কলকাতার ধর্মতলায় ও অপরজন সোনিয়ার বাড়ি উত্তর ২৪ পরগনার বনারটিতে। মোট সোনার মূল্য ১ লক্ষ ৭২হাজার টাকা। চুরি যাওয়া সোনা উদ্ধার করেছে পুলিস।
গত ৮ অক্টোবর ইংরেজবাজার শহরের বিএস রোড এলাকায় স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত নিয়োগীর দোকানে ক্রেতা সেজে যান মুমতাজ বিবি ও সোনিয়া ইয়াসমিন। এরপর সোনার গয়না দেখার ছলে একটি চেন হাতিয়ে নিয়ে চম্পট দেয় দুজন। ওই চুরি নিয়ে হইচই পড়ে যায় এলাকায়।
আরও পড়ুন-হঠাত্ দেড় কিলোমিটার সরে গেল সমুদ্রের জল, তাজপুরে অস্বাভাবিক সৈকত দেখে তাজ্জব স্থানীয়রা
বিএস রোডের পরপর তিনটি দোকানে তাদের ঢোকার ছবি ধরা পড়ে সিসি ক্যামেরায়। সেই ফুটেজ পুলিসের হাতে তুলে দেন ব্যবসায়ীরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইংরেজবাজার থানার পুলিস। আইসি পঙ্কজ সিংয়ের নির্দেশে ইংরেজবাজার থানার অফিসার আনসারুল হকের নেতৃত্বে পুলিসের একটি দল কলকাতা থেকে অভিযুক্ত দুই মহিলাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করে পুলিস হেফাজতের আবেদন জানানো হয়। সোনার দোকানে পরপর চুরি ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় উদ্বেগ বাড়ছিল স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে। এই চুরির কিনারা হলেও চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিস। পুলিসের ওই তত্পরতায় খুশি মালদহের স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতি। তাদের পক্ষ থেকে পুলিসকে ধন্যবাদ জানানো হয়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)