কমলাক্ষ ভট্টাচার্য: IPS অফিসারদের জন্য রাজ্যের বড় ঘোষণা। অবসরের পরেও ২ অ্যাটেনডেন্ট। কর্মরতদের বিদেশে LTC, বাড়ল ভাতা। কর্মরত ও অবসরপ্রাপ্ত - দুই ক্ষেত্রেই IPS অফিসারদের জন্য একগুচ্ছ সুবিধা ঘোষণা করল রাজ্য সরকার। ১৬ নভেম্বর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর থেকে ৩টি পৃথক মেমোর্যান্ডাম জারি করা হয়েছে।
অবসরপ্রাপ্ত DGP-দের জন্য
পশ্চিমবঙ্গে বসবাসকারী, DGP পদে অবসর নেওয়া IPS অফিসাররা পাবেন ২ জন অ্যাটেনডেন্ট। একই সঙ্গে পাবেন মাসে ৫,০০০ টাকা ইন্টারনেট ভাতা। শর্ত হল, সরকারি খরচে অন্য কোনও ক্যাজুয়াল স্টাফ বা অর্ডারলি তাঁর কাছে থাকতে পারবে না।
কর্মরত IG ও তার ঊর্ধ্বতনদের ভাতা বৃদ্ধি
নতুন হারে DGP ও সমমর্যাদার অফিসাররা পাবেন মাসে ৫১,০০০ টাকা, ADGP পাবেন ২৫,৫০০ টাকা এবং IG পাবেন ২২,৫০০ টাকা। প্রতি ৩ বছর অন্তর DA বৃদ্ধির হারে এই ভাতা বাড়বে। সর্বোচ্চ সিলিং - IG ৬০,০০০ টাকা, ADGP ৭০,০০০ টাকা, DGP ৮০,০০০ টাকা।
কর্মরত IPS অফিসারদের জন্য আবাসন ও কল্যাণমূলক ব্যবস্থা
কলকাতায় কর্মরত IG-এর নিচের অফিসাররা পাবেন ১ জন ক্যাম্প অফিস অ্যাটেনডেন্ট, মাসে ১৫,০০০ টাকা Sumptuary Allowance এবং মাসে সর্বোচ্চ ৬০,০০০ টাকা পর্যন্ত বাড়ি ভাড়া বাবদ রিইমবার্সমেন্ট। প্রতি ৩ বছরে বাড়ি ভাড়া ২০% করে বাড়বে। IG ও তার ঊর্ধ্বতনরা ক্যাম্প অফিসের জন্য মাসে ৫০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিলের রিইমবার্সমেন্ট পাবেন।
এছাড়া রয়েছে - প্রত্যেক IPS অফিসারের জন্য মাসে ১০,০০০ টাকা Knowledge Tools Allowance, সন্তানদের শিক্ষার জন্য ৫০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ, নতুন অফিসারদের জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত ল্যাপটপ-প্রিন্টার। সবচেয়ে উল্লেখযোগ্য ঘোষণা হল- ৪ বছরে ১ বার বিদেশে LTC। দুবাই, মরিশাস, মালদ্বীপ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলিতে ভ্রমণের জন্য এই LTC নেওয়া যাবে। TA/DA মিলবে All India Services Rules, 1954 অনুযায়ী।