বদলের বাংলায় কাটল নিয়োগ-জট! সমবায় দফতরে চাকরি পেলেন..., বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Cooperative Department Recruitment: 'আগের সরকার যদি ফের সরকারে আসত, তাহলে আপনাদের এই নিয়োগ হত না,ঝুলে থাকত', বললেন মুখ্যমন্ত্রী।
কমলাক্ষ ভট্টাচার্য: বদলের বাংলা কাটল নিয়োগ-জট। সমবায় দফতরে ইন্সপেক্টর পদে নিয়োগপত্র পেলেন ১৪৯ জন। ১০ জনের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে। তাঁর স্পষ্ট বার্তা, 'বিগত দিনের সরকার যা ভুল করেছে, সেই ভুল এই সরকারের আমলে একবারও হবে না, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি'।
আরও পড়ুন: এবার রবীন্দ্র সরোবরে ছটপুজো? ঘাট পরিদর্শনে অগ্নিমিত্রা পাল! কী কী ব্যবস্থা নিচ্ছে রাজ্য?
সমবায় দফতরে নিয়োগ
পরীক্ষা হয়েছিল চার বছর আগে। পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত WBCS পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই পরীক্ষায় গ্রুপ ডি ক্যাটাগরিতে সমবায় দফতরের জন্য পাস করেন ২২৮ জন। তাঁদের মধ্য়ে ১৪৯ জনকে নিয়োগপত্র দেওয়া হল। কবে? আজ, বুধবার নবান্নে সভাঘরে। মুখ্য়মন্ত্রী বলেন, 'প্রায় দুই বছরের বেশি সময় অপেক্ষা করার পর আজ যারা পশ্চিমবঙ্গ সরকারের পরিবারে যোগ দিচ্ছেন তাঁদের সকলকে শুভেচ্ছা জানাই। বিগত কয়েক বছর ধরে লিখিত পরীক্ষা হয়েছিল কিন্তু ভাইভা হয়নি বা ওরাল হয়নি। আগের সরকার যদি ফের সরকারে আসত, তাহলে আপনাদের এই নিয়োগ হত না,ঝুলে থাকত। কারণ OBC সংক্রান্ত জট যা বিগত সরকার পাকিয়ে রেখেছিল, বিধানসভা বসিয়ে এবং সুপ্রিম কোর্ট থেকে যদি এই সংক্রান্ত মামলা থেকে সরে না আসত, তাহলে এই নিয়োগ দেওয়া সম্ভব হত না।বিগত সরকার সাধারণ মানুষের করের টাকা ব্যয় করে সুপ্রিম কোর্টে গিয়েছিল'।
'কো-অপারেটিভকে চতুর্থ সরকার বলে মনে করি'
মুখ্যমন্ত্রী জানান, 'সমবায় সেক্টরে CI, CDO, LD, UD এইসব ক্ষেত্রে প্রচুর শূণ্য পদ রয়েছে। এটা কোনও ছোটোখাটো দফতর নয়, বাজেট ছোট হতে পারে।
আমি নিজে সমবায় সেক্টর থেকে উঠে এসেছি। ১৯৯৯ সালে আমি কন্টাই ARDB ব্যাঙ্কের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিই। সেই সময় ওই ব্যাঙ্ক লসে রান করছিল। গত আর্থিক বছরে এই ব্যাঙ্ক ৫০ কোটি টাকা লাভ করেছে'। বলেন, 'কো-অপারেটিভ কে আমি চতুর্থ সরকার বলে মনে করি। সরকার সকলকে চাকরি দিতে পারবে না, সকলে চাকরি করতে আগ্রহীও নন'।
'আগের সরকার কো-অপারেটিভ সেক্টরে কোনও কাজ করেনি'
মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'গত ১৫ বছরের আগের সরকার কো-অপারেটিভ সেক্টরে কোনও কাজ করেনি। মুখ্যমন্ত্রী সরাসরি বলে দিয়েছিলেন ১১২ করবেন না, অর্থাৎ টাকা নিলে টাকা ফেরত দেবেন না। ফলে একের পর এক এই সেক্টরে বন্ধ হয়ে গিয়েছে'। জানান, '১৪ তারিখ কো-অপারেটিভ কনভেনশন আছে। এক বছরের মধ্যে এক লক্ষ নিয়োগপত্র তুলে দেওয়ার লক্ষমাত্রা নেওয়া হয়েছে। কোনও পলিটিক্যাল লোক থাকবে না, কোনও রকম হস্তক্ষেপ হবে না। যে কনস্টিটিউশনাল বডি (PSC) রয়েছে, তাদের মাধ্যমেই এই নিয়োগ করা হবে'।
বদলের বাংলায় নিয়োগ
--
শিক্ষক ও শিক্ষাকর্মী-৩৩৪০৯
পুলিশ- ১২১৪৭
গ্রাম পঞ্চায়েত- ৭১৯০
সমবায় দফতর ১৫২ জন
কন্সটেবল ১০,২৩৩ (মহিলা ৩৪৪৪ জন)
মুখ্যমন্ত্রীর ঘোষণা
মুখ্যমন্ত্রীর ঘোষণা, '২০২৭-র ৮ মে-র মধ্যে এক লক্ষ বেকার যুবক যুবতীর হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে। ১২ হাজার কোটি টাকার মধ্যে ৮ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। ৩০ নভেম্বরের মধ্যে মহার্ঘ্য ভাতার বাকি টাকা তুলে দেওয়া হবে'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)