দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায়: খাস কলকাতায় মধ্য়যুগীয় বর্বরতা। সরশুনা কাণ্ডে এবার 'কর্মফল' পেল তরুণীর বাবা-মামা। কোমড়ে দড়ি বেঁধে
একই এলাকায় এবার অভিযুক্তদের খালি গায়ে ও খালি পায়ে ঘোরালো পুলিস।
ঘটনাটি ঠিক কী?
প্রেমের ভয়ংকর সাজা। রবিবার সকালে সরশুনা থানার বসন্ধুরা পার্কে এক যুবক, তাঁর বাবা ও বন্ধুকে বিবস্ত্র করে এলাকায় ঘোরানো হয়! ওই যুবকের সঙ্গে এক যুবতীর প্রেমের সম্পর্ক ছিল। আর সেকারণেই নাকি এমন ঘটনা! অভিযোগের তির ওই তরুণীর বাবাও ও মামার দিকে। অভিযুক্তদের কার্যত হাতেনাতে পাকড়াও করেছে পুলিস।
পুলিস সূত্রে খবর, ওই যুবক-যুবতীর সম্পর্কে তীব্র আপত্তি ছিল মেয়ের পরিবারের লোকেদের। রবিবার তাঁদের একেবারে হাতেনাতে ধরে ফেলেন ওই তরুণীর পরিবারের লোকেরা। এরপর ওই যুবক ও তাঁর বন্ধুকে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এমনকী রেয়াত করা হয়নি ওই যুবকের বাবাকেও। ডেকে এনে মারধর করা হয় তাঁকেও। শেষে মাথায় বন্দুকে ঠেকিয়ে তিনজন অর্থাত্ ওই যুবক, তাঁর বন্ধু ও বাবাকে বিবস্ত্র করে ঘোরানো হয় এলাকায়।
বাড়িতে ভাঙচুরের চেষ্টা
এদিকে তিনজনকে উলঙ্গ অবস্থায় রাস্তায় ঘুরতে দেখে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দারা। যুবকের পরিবার ও বন্ধুর কাছ থেকে ঘটনাটি জানতে পারেন তাঁরা। এরপরই মেয়েটির বাড়িতে ভাঙচুরের চেষ্টা করেন উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সরশুনা থানার পুলিস। পরিবারের সদস্যরা পালিয়ে গেলে, ওই তরুণীর বাবা ও মামাকে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। বেধড়ক মারধরের পর, তাঁদের তুলে দেওয়া হয় পুলিসের হাতে।
পুলিসি হেফাজতে অভিযুক্ত
সরশুনা কাণ্ডে অভিযুক্তদের ৩১ অক্টোরব পর্যন্ত পুলিসি হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। পুলিসের দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্যই অভিযুক্তদের খালি গায়ে ও খালি পায়ে হাঁটানো হচ্ছিল। তাঁদের দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। কবে? আজ, মঙ্গলবার সকালে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)