জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: বদলের বাংলায় নিঃসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়! পালাবদলের পর প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে চেনা ভিড় উধাও। মমতা ভাইফোঁটায় এবার ফিকে রাজনৈতিক জৌলুস? জল্পনা তুঙ্গে।
মমতার কালীবাড়িতে ঘরোয়া অনুষ্ঠান বলতে দুটো। কালীপুজো আর ভাইফোঁটা। গত বছর কালীপুজোর দিনে ৩০ বি, হরিশ চ্যাটার্জির স্ট্রিটের বাড়িটা রীতিমতো গমগম করছিল। বাড়ির মালিক তখন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় হেভিওয়েট নেতা-মন্ত্রী, টলিউড তারকাদের ভিড়। ক্ষমতা হারানোর পর এবারও যথারীতি বাড়িতে কালীপুজো করেছেন মমতা। শুধু সেই চেনা মুখগুলি দেখা যায়নি। বস্তুত, তাদের বেশিরভাগই এখন আর নেত্রীর সঙ্গে নেই।
রাত পোহালেই ভাইফোঁটা। কালীপুজোর মতোই কি মমতার বাড়ির চেয়ারগুলি ফাঁকাই থাকবে? মমতাপন্থী তৃণমূল নেতা, সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্যায় বলছেন, 'জৌলুস বাড়ানো লোকের দরকার নেই তো। আমাদের তৃণমূলস্তরের লোকেদের দরকার। এই জৌলুস বাড়ানো লোকেরা তো আমাদের পার্টির সর্বনাশ করে দিয়েছে। সব গদ্দার বেরিয়েছে, শুভেন্দু চাকর-বাকর হয়ে গিয়েছে। দরকার নেই ওদের, মানুষ আছে, কর্মী আছে। আবার সব ঠিক হবে'। মমতা তৃণমূলের মৃত্যুঞ্জয় পালের দাবি, 'কেউ কেউ তো নিশ্চিতভাবে ভয় পেয়েছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, হামলা হচ্ছে'।
একসময়ে ভাইফোঁটার দিন সকাল সকাল 'দিদি'র বাড়িতে হাজির হতেন প্রাক্তন ফিরহাদ হাকিম। এখন অবশ্য তিনি ঋত শিবিরে। এবার যাবেন? জি ২৪ ঘণ্টাকে ফিরহাদ বললেন, 'দুঃখ তো আছে, বেদনা তো আছে। সেই নিয়েই জীবন'। বিজেপি মুখপাত্র দেবজিত্ সরকার বলেন, 'বারণের রাজসভা সোনা দিয়ে মোড়া ছিল। জৌলুস খুব একটা কম ছিল না। ১৫ বছর ধরে এই জৌলুস তৈরি করা হয়েছিল। এখন রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের বিশ্বাস ফিরেছে। যারা যেতেন, তারা ভয় ভয় যেতেন। মুখ না দেখালে নম্বর কমে যাবে'!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)