দেবব্রত ঘোষ: হাওড়া জেলা হাসপাতালে চালু হল ই-প্রেসক্রিপশন। ডিজিটাল চিকিৎসা পরিষেবায় নতুন পদক্ষেপ। আভা স্বাস্থ্য পরিচয়পত্রের মাধ্যমে সংরক্ষিত থাকবে রোগীর ওষুধের নাম ও পরীক্ষার রিপোর্ট। গত এক মাসে প্রায় ১৫০০ বহির্বিভাগের রোগী পেয়েছেন ই-প্রেসক্রিপশন।
আধুনিক হাসপাতালের ধাঁচে এবার ডিজিটাল চিকিৎসা পরিষেবার পথে আরও এক ধাপ এগোল হাওড়া জেলা হাসপাতাল। হাসপাতালে চালু হয়েছে ই-প্রেসক্রিপশন ব্যবস্থা। এর ফলে চিকিৎসকের লেখা ওষুধের বিবরণ থেকে শুরু করে রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট সবকিছুই ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের সুযোগ তৈরি হয়েছে। এতে ভবিষ্যতে দেশের অন্য কোনও প্রান্তে চিকিৎসা করাতে গেলেও রোগীর আগের চিকিৎসা সংক্রান্ত তথ্য পাওয়া সহজ হবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাওড়া জেলা হাসপাতালের প্রধান চিকিৎসক শুভাশিস শী জানান, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী হাসপাতালের রোগীদের আধার সংযুক্তিকরণের কাজ শুরু হয়েছিল। হাসপাতালের পরিষেবা আধুনিকীকরণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়। তাঁর দাবি, মাত্র দু’মাসের মধ্যে রোগীদের ১০০ শতাংশ আধার সংযুক্তিকরণের লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়েছে। রোগীর নাম নথিভুক্ত করার সময় আধারের মাধ্যমে আভা (ABHA) স্বাস্থ্য পরিচয়পত্রের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে। এর ফলে প্রত্যেক রোগীর একটি নির্দিষ্ট ডিজিটাল স্বাস্থ্য পরিচয় তৈরি হচ্ছে।
এই আভা আইডির মাধ্যমে রোগীর চিকিৎসা সংক্রান্ত তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা সম্ভব। হাওড়া জেলা হাসপাতালে ইতিমধ্যেই ই-প্রেসক্রিপশন পরিষেবা চালু হয়েছে। এখন চিকিৎসকরা রোগীদের ওষুধের নাম ও চিকিৎসার পরামর্শ অনলাইনে নথিভুক্ত করছেন। ফলে চিকিৎসকের লেখা প্রেসক্রিপশন সরাসরি রোগীর আভা আইডির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টও আপলোড করার ব্যবস্থা রয়েছে।এর ফলে রোগীর আগের চিকিৎসার বিবরণ সহজে খুঁজে পাওয়া যাবে। অন্য কোনও হাসপাতালে বা দেশের অন্য প্রান্তে চিকিৎসা করাতে গেলেও সংশ্লিষ্ট চিকিৎসক রোগীর পূর্ববর্তী চিকিৎসা ও পরীক্ষার রিপোর্ট দেখতে পারবেন। এতে চিকিৎসার ধারাবাহিকতা বজায় রাখা এবং চিকিৎসকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
তবে এই ডিজিটাল পরিষেবার সম্পূর্ণ সুবিধা পেতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন বলে জানিয়েছেন প্রধান চিকিৎসক শুভাশিস শী। তাঁর বক্তব্য, সাধারণ মানুষ আভা কিংবা আরোগ্য সেতু অ্যাপ ব্যবহার করলে নিজেদের চিকিৎসা সংক্রান্ত তথ্য, ওষুধের বিবরণ এবং পরীক্ষার রিপোর্ট সহজেই দেখতে পারবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)