অন ডিউটি সাংবাদিক সম্মেলন কেন? চোরবাগান কাণ্ডে শোকজ কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে
Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ের পর সরকারি স্বাস্থ্য পরিকাঠামো ও ওষুধের ঘাটতি নিয়ে সংবাদমাধ্যমে মুখ খোলায় কলকাতা মেডিক্যাল কলেজের ৮ জন ইন্টার্ন চিকিৎসককে শোকজ করল স্বাস্থ্য দপ্তর। ৩ দিনের মধ্যে জবাব তলব করা হয়েছে।
অয়ন শর্মা: চোরবাগান বিপর্যয়ের দিন কলকাতা মেডিক্যাল কলেজের অব্যবস্থা নিয়ে মিডিয়ায় মুখ খোলার জেরে শোকজ করা হল কলকাতা মেডিক্যাল কলেজের ৮ জন ইন্টার্নকে। কেন ডিউটি না করে সংবাদমাধ্যমে মুখ খুলেছেন ইন্টার্নরা? তিন দিনের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ। জুনিয়র ডাক্তারদের সেদিন ডিউটি ছিল কিনা, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই রিপোর্ট জমা করতে বলেছিলেন। এবার প্রথম অফিসিয়ালি পদক্ষেপ নেওয়া হল। শোকজ করা হল ওই ৮ জন ইন্টার্নকে।
এই ৮ জন সার্জারি এবং অর্থোপেডিক বিভাগের ইন্টার্ন। ওই রাতে এদের সকলের ইমারজেন্সি বিভাগের ডিউটি ছিল। অন ডিউটি থাকা অবস্থায় মিডিয়ায় মুখ খোলা। হাসপাতালে নির্দিষ্ট কিছু ওষুধ নেই বলা। অথচ তদন্তে দেখা গিয়েছে সব ওষুধ এবং সরঞ্জাম আছে। মূলত এই মর্মে শোকজ করা হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজের ওই ৮ ইন্টার্নকে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে মোট ৮ জন ইন্টার্ন চিকিৎসককে শোকজ নোটিস পাঠানো হয়েছে।
চোরবাগান বিপর্যয়ের পর সরকারি স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতালের পরিকাঠামো নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন ওই ইন্টার্ন চিকিৎসকরা। তাঁদের অভিযোগ ছিল, সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের ঘাটতি রয়েছে এবং চিকিৎসা পরিকাঠামোতেও নানা ধরনের অব্যবস্থা রয়েছে। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে স্বাস্থ্য দপ্তর। তদন্তে নেমে স্বাস্থ্য দপ্তরের প্রাথমিক পর্যবেক্ষণ, ইন্টার্নদের তরফ থেকে যে অব্যবস্থা বা ওষুধের ঘাটতির অভিযোগ তোলা হয়েছিল, তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, ঘটনার দিন সংশ্লিষ্ট ইন্টার্ন চিকিৎসকরা কেন ডিউটিতে উপস্থিত না থেকে সাংবাদিক সম্মেলন করছিলেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ডিউটিতে না থেকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে প্রকাশ্যে এই ধরনের মন্তব্যের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক বা শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না—নোটিসে সেই জবাবও তলব করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে এই শোকজ নোটিসের সন্তোষজনক জবাব দিতে হবে ওই ৮ ইন্টার্নকে।
চিকিৎসা মহলের একাংশের মতে, সরকারি হাসপাতালের অভ্যন্তরীণ বিষয় ও পরিকাঠামো নিয়ে জুনিয়র চিকিৎসকদের এই ধরনের প্রকাশ্য মন্তব্য এবং স্বাস্থ্য দপ্তরের শোকজ নোটিস ঘিরে ইতিমধ্যেই চঞ্চল্য ছড়িয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই চিকিৎসকরা কী উত্তর দেন এবং সেই উত্তরের প্রেক্ষিতে স্বাস্থ্যদফতর এরপর কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই সবার নজর এখন।
আরও পড়ুন, ‘সনাতনকে গালি দিলে বিপদ আছে!’ হুংকার মুখ্যমন্ত্রীর, ঘোষণা কলকাতার প্রথম রামকথার আসরের
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)