চোরবাগান কাণ্ডে তলব শিল্পী সুশান্ত শিবানী পালকে, বিপর্যয়ের ঘটনায় মণ্ডপ প্রসঙ্গে তাঁর স্পষ্ট কথা একটাই
Chorbagan Stampede: চোরবাগান বিপর্যয়ে শিল্পী সুশান্ত শিবানী পালকে লালবাজারের তলব। তদন্তে সহযোগিতার বার্তা শিল্পীর। ২৪ ঘণ্টায় দিলেন প্রথম এক্সক্লুসিভ প্রতিক্রিয়া। কী বললেন শিল্পী?
বিক্রম দাস ও অয়ন ঘোষাল: চোরবাগান বিপর্যয়ে এবার শিল্পী সুশান্ত শিবানী পালকে তলব। বুধবারের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ শিল্পী সুশান্ত শিবানী পালকে। যারপরই জি ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া দিলেন সুশান্ত শিবানী পাল। সবার প্রথম প্রতিক্রিয়া দিলেন জি ২৪ ঘণ্টাকেই। শিল্পী সুশান্ত শিবানী পাল জানিয়েছেন তিনি তদন্তে সহযোগিতা করবেন। যদিও এখনও সরকারিভাবে কোনওরকম তলবের চিঠি পাননি বলেও জানিয়েছেন তিনি।
শিল্পী সুশান্ত শিবানী পালের বক্তব্য
শিল্পী সুশান্ত শিবানী পাল জি ২৪ ঘণ্টাকে এক্সক্লুসিভ প্রতিক্রিয়ায় বলেন, "তদন্তে সহযোগিতা করব। আমি এখনও অফিসিয়াল কোনও তলব পাইনি। লালবাজার থেকে একটা ফোন পেয়েছি। জানানো হয়েছে আমাকে ডাকা হবে। সমস্ত রকম প্রশ্ন ফেস করতে আমি তৈরি। আমি শিল্পী। শিল্পী হিসেবে আমার মণ্ডপে যতটা অবদান থাকার কথা ততটাই ছিল।" প্রসঙ্গত, লালবাজার সূত্রে আরও খবর, চোরবাগান মণ্ডপের ৩২টি সিসিটিভি ক্যামেরা ছিল। কিন্তু সেই ৩২টি সিসিটিভি ক্যামেরার মধ্যে প্রায় ১৬টি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি, অমিল। অন্যদিকে, সেদিনের ঘটনার সাক্ষী হিসেবে ৩ জনকে ডাকা হয়েছে লালবাজারে। উল্লেখ্য, এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই প্রায় ৬০ জনের বয়ান সংগ্রহ করা হয়েছে বলে খবর।
তদন্তের অগ্রগতি
সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনের মণ্ডপে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৯ জন। ১৭ জন ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে আরও ২ জনের মৃত্যু হয়। বিপর্যয়ের কারণ হিসেবে উঠেছে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার কথা। সেই ঘটনায় ২ জন ঘোষককেও গ্রেফতার করেছে পুলিস। ধৃত ঘোষক সেন্টু এবং কালিয়ার কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখতে চায় পুলিস। সেই কারণে সেন্টু ও কালিয়ার ভয়েস স্যাম্পেল সংগ্রহের জন্য আদালতে আবেদন জানাচ্ছেন তদন্তকারীরা। ঘটনার মুহূর্তের একাধিক ফুটেজ পরীক্ষা নিরীক্ষা করার কাজ চলছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।
কেন বিপর্যয় চোরবাগানে?
তদন্তকারী অফিসারদের দাবি, ৩-৪ জনের থেকে ঘটনার সময়কার মাইকিংয়ের অডিও-ভিডিও সংগ্রহ করেছে পুলিশ। একাধিক ফুটেজ ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। যেখানে ঘোষণা শোনা গেছে। যা পরীক্ষা করে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজের অডিওর সঙ্গে ধৃতদের কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখা হবে। ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণের জন্য ডিউটিরত কয়েকজন হোমগার্ড, স্বেচ্ছাসেবক, বেসরকারি নিরাপত্তা কর্মীর বয়ান রেকর্ড করা হয়েছে। এলাকার মানুষেরও বয়ান রেকর্ড করা হয়েছে। তারা ঘটনার মুহূর্তে কী ঘোষণা শুনেছিলেন? জিজ্ঞাসাবাদ করে তা জানতে চাইছে পুলিশ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)