চিংড়িঘাটা উড়ালপুলে নতুন ব্যবস্থা, সকাল ৬টায় রেডি ফ্লাইওভার
Chingrighata Flyover: ফ্লাইওভারে গাড়ি যাওয়ার রাস্তায় রং করে দেওয়ার ফলে একের পর এক বাই স্কিড করে যাচ্ছিল। সেই সমস্যার সমাধান হয়ে গেল
অয়ন ঘোষাল: একের পর এক বাইক স্কিড করছে উড়ালপুলের নতুন রঙের মসৃণ সারফেসে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর কালবিলম্ব না করে তৎপর হয়ে ওঠে রাজ্যের পুর নগরোন্নয়ন এবং পূর্ত দফতর। নতুন রঙের মসৃণ প্রলেপ থেকেই দুর্ঘটনা কিনা, সেই কারণ অনুসন্ধান, তদন্ত কমিটির মতো গালভরা বিবৃতি নয়। অ্যাকশন মোডে সরকার। রাত ১২ টায় বন্ধ করে দেওয়া হয় চিংড়িঘাটা উড়ালপুল। সকাল ৬ টায় নতুন ব্যবস্থায় রেডি উড়ালপুল।
কী সেই ব্যবস্থা? উড়ালপুলে ১০ মিটার অন্তর বসল ফাইবার ব্লক। বিশেষত যেখানে যেখানে উড়ালপুল বাঁক নিয়েছে, সেই সংযোগকারী গার্ডারের দুই জয়েন্ট পয়েন্টে বসল ফাইবার ব্লক। উজ্জ্বল রঙের ব্লক। রাতে গাড়ির আলো ব্লকের স্টিকার গুলির ওপর পড়লে বাইক বা গাড়ি চালকের বাড়তি সুবিধা। তার থেকেও বড় কথা, সেতুর রঙের মসৃণতা কমাবে এই ব্লক। ফলে কোনোভাবেই উৎসবের দিনে আর বাইক পিছলে যাওয়ার কোনো আশঙ্কা থাকছে না। পূর্ত দফতরের সড়ক বিভাগের ইঞ্জিনিয়াররা কাজ পরিদর্শন করে ফিট সার্টিফিকেট দেবেন আজই। তারপর পুরোদমে চালু হয়ে যাবে চিংড়িঘাটা উড়ালপুল।
রাজ্যের নগরোন্নয়ন ও পুর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার উদ্দেশ্যে রাস্তার উপর বিশেষ ধরনের পিচ্ছিল-রোধী রং ব্যবহার করার পরিকল্পনা করা হয়েছিল। কলকাতার দুর্ঘটনার খবর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরেও আসে। এর পরেই বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেওয়া হয়। কলকাতায় সংশ্লিষ্ট আধিকারিকদের পাশাপাশি পুর দফতরের ইঞ্জিনিয়ারদেরও ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করতে দেখা যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)