অয়ন শর্মা: অতীতে এমনটা দেখা যায়নি। এবার পুজোর মুখে সেটাই দেখা গেল আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের পার্টি অফিস সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সকাল থেকেই মুজাফফর আহমেদ ভবন সংলগ্ন এলাকায় মেন রাস্তার উপরে শুরু হয়ে যায় চণ্ডীপাঠ। মঞ্চের মাইক একেবারে পার্টি অফিসদের দিকে মুখ করা। মঞ্চ থেকে পার্টি অফিস মেরেকেটে ৫০-৭০ মিটার দূরে।
কেন্দ্রে বিজেপির সহযোগী রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া ওই চণ্ডীপাঠের উদ্যোক্তা। পার্টির নেতৃত্বের দাবি, সিপিএমের রাজত্বে ও তৃণমূলের সময়ে কখনও দেখা যায়নি মুজাফফর আহমেদ ভবন সংলগ্ন এলাকায় এভাবে চণ্ডীপাঠ হচ্ছে। কেউ সাহস দেখাতে পারেনি। তারা পেয়েছেন। চণ্ডীপাঠ শুরু হয়ে যায় সকাল দশটা থেকে। রিপাবলিকান পার্টির বক্তব্য তারা চান সিপিএমের মধ্য়েও চণ্ডীপাঠের প্রবণতা বাড়ুক।
বেলচে হাতে রিপাবলিকান পার্টির এক নেতা বলেন, ৫০ বছর ধরে কারও বুকের পাটা হয়নি এসব করতে। সিপিএমের আমলে ও তৃণমূলের আমলে কারও সাহস হয়নি এখানে কোনও ধর্মীয় অ্যাকটিভিটি করে। আজ তাদের সেই মহাশক্তির পতনের ফলে হিন্দুরা জাগ্রত হয়েছে। আজ আমরা সাহসের সাথে বেরিয়ে সিপিএমের অফিস থেকে দেড়শো মিটার দূরে চণ্ডীপাঠের আয়োজন করেছি।
ওই চণ্ডীপাঠের অনুষ্ঠানে যোগ দেন বিজেপি নেতা সায়ন্তন বসু সংবাদমাধ্যমে বলেন, চণ্ডীপাঠ এই তল্লাটে হতে পারত না। ছেচল্লিশের ১৬ অগাস্টের পর থেকে এইসব এলাকায় চণ্ডীপাঠ করার কথা ভাবতেই পারত না। যখনই আমাকে আমন্ত্রণ জানান হল তখন কিছুটা অবাকই হলাম। এখানে চণ্ডীপাঠ হচ্ছে মানে, একটা বড় বিপ্লব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)