পুলিসে বিপুল নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর, সংখ্যাটা... কোন বিভাগে শূন্যপদ কত? পরিষেবা নিয়েও ৫ দফা নির্দেশ
Suvendu Adhikari: রাজ্য পুলিশে ২৭,৫৫৬ পদে মেগা নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর! আগামী মাসে কলকাতা পুলিশে ৪০০০ কনস্টেবলকে দেওয়া হবে নিয়োগপত্র। খুব শীঘ্রই আসছে আরও ১০,৫৪৯ পদে নতুন বিজ্ঞপ্তির ঘোষণা।
পিয়ালি মিত্র: পুলিশে মোট ২৭,৫৫৬ নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর। যারমধ্যে মহিলাপ্রার্থী ৬,৩৪৫ জন। কলকাতা পুলিসে নিয়োগ করা হচ্ছে আরও ৪ হাজার কনস্টেবল। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতা পুলিশের প্রায় ৪ হাজার নবনিযুক্ত কনস্টেবলের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মিলনমেলা প্রাঙ্গণে বড় অনুষ্ঠানের মাধ্যমে সেই নিয়োগপত্র দেওয়া হবে।
শূন্যপদের বিন্যাস
মুখ্যমন্ত্রী জানান, আগামী দিনে পুলিশে ১০,৫৪৯টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। যারমধ্যে বিভিন্ন ক্যাটেগরি অনুযায়ী শূন্যপদের বিন্যাস-
সশস্ত্র পুলিশের সাব-ইন্সপেক্টর ২৪৭
কলকাতা পুলিশের সাব-ইন্সপেক্টর ১১১
কলকাতা পুলিশের কনস্টেবল ও মহিলা কনস্টেবল ১,১১৪
মহিলা ব্যাটেলিয়ন (মাতঙ্গিনী হাজরা ও রানি শিরোমণি) ৪৭৫
ফায়ার অপারেটর ১,৯১৪
ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার ২,০০০
ফায়ার ব্রিগেডের সাব-অফিসার ৩০৬
অন্যান্য পদ ৪,৩৮২
নিয়োগে স্বচ্ছতা
মুখ্যমন্ত্রী বলেন, মহালয়ের পরদিনই ১১,০০০ নব নিযুক্ত পুলিশ কনস্টেবলকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল। দুদিন আগে PSC থেকে নিযুক্ত ১৫০-এর বেশি কো-অপারেটিভ ইনস্পেক্টরের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এদিন মুখ্যমন্ত্রী রাজ্য পুলিশের বিভিন্ন শাখায় বাকি থাকা নিয়োগ দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের (PRB) মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার আশ্বাস দেন। নিয়োগে স্বচ্ছতা, মেধা এবং নিয়ম মেনে চলার উপর জোর দেন তিনি। নিয়োগ প্রক্রিয়ায় কোনও রকম অস্বচ্ছতা থাকবে না বলে আশ্বাস দেন।
সংরক্ষণ নীতি ও বয়সে ছাড়
মুখ্যমন্ত্রী পুলিসে নিয়োগের ক্ষেত্রে SC, ST, OBC এবং EWS সংরক্ষণ কার্যকর করার কথা বলেন। অগ্নিবীরদের জন্যও সংরক্ষণের ব্যবস্থা রেখে নিয়োগবিধি তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় কিছু ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়ারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। নিয়োগের পাশাপাশি পুলিসের পরিষেবা নিয়েও বেশ কিছু নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মাদক ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশকে কড়া নির্দেশ
নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার লক্ষ্যে অবৈধ মাদক, মাদকের ঠেক এবং মাদক পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ। নারী নির্যাতন ও মহিলাদের সঙ্গে গুরুতর অপরাধমূলক আচরণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা। এই দুই ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া পুলিশকর্মীদের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। নবনিযুক্ত পুলিশকর্মীদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ। ভারতীয় ন্যায় সংহিতা, মানবাধিকার কমিশনের নির্দেশিকা এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করার পরামর্শ।
১১২ পরিষেবার সম্প্রসারণ
রাজ্য পুলিশে জরুরি পরিষেবা নম্বর ১১২ চালু হয়েছে। বর্তমানে একটি গাড়ি ও একটি মোটরসাইকেল দেওয়া হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে আরও তিনটি গাড়ি ও তিনটি মোটরসাইকেল দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিশেষ পুলিশ টিম গঠনের কথাও উল্লেখ।
থানার পরিকাঠামো উন্নয়নে উদ্যোগ
নতুন থানা তৈরি ও পুরোনো ব্যারাক সংস্কারের পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। রাজ্য পুলিশের ৪৯২টি থানায় জিম, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এবং জেনারেটর দেওয়া হবে বলেও জানান। কলকাতা পুলিশের থানাগুলিতেও প্রয়োজন অনুযায়ী জিম ও জেনারেটরের ব্যবস্থা করার আশ্বাস মুখ্যমন্ত্রীর। পুলিশকর্মীদের শারীরিক সক্ষমতা এবং কল্যাণমূলক ব্যবস্থার উপর জোর দেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী IAS অফিসারদের মতো IPS এবং IFS অফিসারদের দাবিদাওয়াও বিবেচনা করার আশ্বাস দেন। IPS অ্যাসোসিয়েশন গঠনের কথাও বলেন তিনি। জোর দেন ছটপুজোর নিরাপত্তায়। ছটপুজোর ঘাটগুলিতে নিরাপত্তা ও সমন্বয় জোরদার করার নির্দেশ দেন। চোরবাগানকাণ্ডকে মাথায় রেখে কলকাতায় আসন্ন প্রায় ৪০০টি পুজো ও অনুষ্ঠান ঘিরে পুলিশ কমিশনারকে বিশেষ নজরদারির নির্দেশ দেন এদিন মুখ্যমন্ত্রী। বড় জমায়েতের ক্ষেত্রে পুলিশ, প্রশাসন ও আয়োজকদের মধ্যে নিবিড় সমন্বয়ের উপর জোর দেন তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)