তথাগত চক্রবর্তী: দুর্গাপুজোর চাঁদা আদায়ে জুলুমবাজি রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর। তারপরেও চাঁদার দাবিতে মারধরের অভিযোগ উঠল বারুইপুরে। ঘটনাস্থল বারুইপুর থানার খাসমল্লিক সংলগ্ন এলাকার একটি গ্যারেজ। অভিযোগ, ওই গ্যারেজের কাছে ১৫ হাজার টাকা পুজোর চাঁদা দাবি করেন একটি পুজো কমিটির উদ্যোক্তারা। সেই টাকা দিতে রাজি না হওয়ায় গ্যারেজের দুই শ্রমিককে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ।
জানা গিয়েছে, গ্যারেজ কর্তৃপক্ষ পুজোর চাঁদা বাবদ এক হাজার টাকা দিতে রাজি হয়েছিলেন। কিন্তু অভিযোগ, তাতে রাজি হননি পুজো উদ্যোক্তারা। তাঁদের দাবি ছিল, ১৫ হাজার টাকাই দিতে হবে। এমনকী, টাকা না দিলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। এরপরই দলবল নিয়ে গ্যারেজে এসে দুই শ্রমিকের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আক্রান্ত দুই শ্রমিকের নাম মধু মণ্ডল ও পিন্টু চৌধুরী।
তাঁদের অভিযোগ, চাঁদার টাকা না দেওয়ার কারণেই তাঁদের বেধড়ক মারধর করা হয়েছে। এই ঘটনায় বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন দুই শ্রমিক। ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন গ্যারেজের মালিক ও কর্মীরা। দুর্গাপুজোর আনন্দের আবহে চাঁদার দাবিতে এমন হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রশ্ন উঠছে, প্রশাসনের কড়া নির্দেশের পরেও কীভাবে চাঁদার নামে এমন জুলুমবাজির অভিযোগ উঠছে? ব্যবসায়ীরা কি নির্ভয়ে নিজেদের ব্যবসা চালাতে পারবেন?
ইতিমধ্যেই লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিস। অভিযোগের সত্যতা খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার সঙ্গে কারা জড়িত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অভিযুক্ত পুজো উদ্যোক্তাদের বক্তব্য এখনও জানা যায়নি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)