ফাঁকা ফ্ল্যাটে মেডিটেশনের আড়ালে কী হয়েছিল? বরানগরে অঞ্জলির রহস্যমৃত্যুর পর কে করছে মেসেজ?
Baranagar Crime: বরানগরে দিদির ফাঁকা ফ্ল্যাটে মেডিটেশন করতে গিয়ে খুন হলেন ২৬ বছর বয়সী তরুণী অঞ্জলি সাউ। দরজা ভেঙে বিছানা থেকে তাঁর ক্ষতবিক্ষত ও গয়না লুট হওয়া দেহ উদ্ধার করে পুলিস। খুনের পর মৃতার মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। এমনকী সেই নম্বর থেকেই হোয়াটসঅ্যাপে অঞ্জলির ভাইকে মেসেজ।
রণয় তেওয়ারি, বরুণ সেনগুপ্ত: বরানগরে দিদি -জামাই বাবুর ফ্ল্যাটে মেডিটেশন করতে গিয়ে তরুণীর রহস্যমৃত্যু। ঘটনায় খুনের মামলা দায়ের করা হয়েছে। মৃত তরুণীর নাম অঞ্জলি সাউ, বয়স ২৬। অঞ্জলি ডানলপের বাসিন্দা। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার দুপুরে বড়ানগরের লেক পল্লীতে দিদির ফ্ল্যাটে গিয়েছিলেন অঞ্জলি। বাড়িতে বলে গিয়েছিলেন মেডিটেশন করতে যাচ্ছেন।
এদিকে অবশ্য দিদি জামাইবাবু কেউই ফ্ল্যাটে ছিলেন না। ফ্ল্যাটের চাবি তাঁরা প্রতিবেশীকে দিয়ে গিয়ে ছিলেন। অঞ্জলি প্রতিবেশীর থেকে চাবি নিয়ে ফ্ল্যাট খোলেন। এরপর সন্ধ্যে ৬টা নাগাদ স্থানীয়দের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিস দেখে বিছানার মধ্যে পড়ে রয়েছে অঞ্জলি। গায়ে তাঁর চাদর জড়ানো।
আরও পড়ুন: বিমানের ওয়াশরুমে 'হাইজ্যাক' চিরকুট! কলকাতা বিমানবন্দর কাণ্ডের পর্দাফাঁস, কারণ জানলে চমকে উঠবেন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অঞ্জলি তাঁর দিদি কে ফোন করে জানায়, সে এখন মেডিটেশন করবে তাঁকে যেন ডিসটার্ব না করা হয়। ফোনে কথা বলার কিছুক্ষণ পড়েই মৃতার দিদি দেখে, আবার তাঁর মোবাইলে মেসেজ এসেছে। মেসেজ লেখার ধরণ দেখে সন্দেহ হয় তাঁর। অঞ্জলিকে বার বার ফোন করা হলেও ফোন তোলেননি তিনি। তাঁর ফ্ল্যাটে বারবার ডাকাডাকি করা হলেও ভেতর থেকে কেউই কোনও সাড়া শব্দ করেনি। এরপরই খবর দেওয়া হয় বরানগর থানায়। ঘটনাস্থলে পুলিস এসে ফ্ল্যাটের দরজা ভেঙে দেখে খাটের মধ্যে গায়ে চাদর জড়ানো অবস্থায় পড়ে রয়েছে অঞ্জলি।
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধারের সময় অঞ্জলির পরনের জামাকাপড় ছেঁড়া ছিল এবং শরীরের নানা একাধিক জায়গায় ক্ষত জায়গায় ছিল। তাঁর গলায় ধারালো অস্ত্রের গভীর আঘাতের পাশাপাশি ঘাড় ও মুখেও আঘাতের চিহ্ন মিলেছে। মৃতা তরুণীর ভাই শিবমের অভিযোগ, খুনের পর অভিযুক্ত অঞ্জলির মোবাইল ফোন ও পার্স নিয়ে চম্পট দেয়। এমনকী অঞ্জলির কানের দুল, আংটি-সহ শরীরের একাধিক সোনার গয়নাও খুলে নেওয়া হয়েছে।
মৃতার বাবা, রাজেন্দ্র প্রসাদ সাউ ১৯৯৬ সালে কাশিপুর বেলগাছিয়া বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ছিলেন। ২০২১ সালে কাশীপুর এলাকায় ২ নম্বর ওয়ার্ড থেকে পুরসভার ভোটে দাঁড়িয়ে ছিলেন। মৃতার দাদা বলছে তাঁর বোনের মোবাইল পাওয়া যায়নি, কিন্তু ওই ফোন থেকেই গতকাল তাঁদের বাড়িতে ফোন এসেছে।
শিবম আরও জানান, ঘটনার পর অঞ্জলির ফোনটি প্রথমে সুইচ অফ থাকলেও পরে একবার অন করা হয়। সেই সময় শিবম দিদির নম্বরে ফোন করলে কেউ ধরেনি। কিন্তু তার কিছুক্ষণ পরেই অঞ্জলির হোয়াটসঅ্যাপ নম্বর থেকে শিবমকে বেপরোয়া ভঙ্গিতে মেসেজ করে অভিযুক্ত লেখে, 'যা জানার এখনই জেনে নেও, একটু পরে ফোন সুইচ অফ করে দেবো।' এখানেই থেমে না থেকে অভিযুক্ত আরও লেখে, 'আমি তোমাদের আশেপাশেই থাকব, কিন্তু কেউ আমাকে ধরতে পারবে না।' শিবমের দাবি, তাঁর দিদির সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না।
আরও পড়ুন: জামাইবাবুর দেওয়া চাবি, বন্ধ দরজা আর খাটে অঞ্জলির নিথর দেহ! বরানগরে তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য
বরানগরের বিধায়ক সজল ঘোষের দাবি, এটি কোনওভাবেই আত্মহত্যা নয়, বরং পরিচিত কারও দ্বারা ঘটানো একটি পরিকল্পিত খুন। পুলিস দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে চরম শাস্তির ব্যবস্থা করবে বলে বিধায়ককে আশ্বাস দিয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে, ভারতীয় ন্যায় সংহিতার, ১০৩(১), ২৩৮(এ ), এবং ৬১(২)(এ ) ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)