জামাইবাবুর দেওয়া চাবি, বন্ধ দরজা আর খাটে অঞ্জলির নিথর দেহ! বরানগরে তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য
বরানগরে তরুণীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য এলাকায়। খুন নাকি আত্মহত্যা তার তদন্তে বরানগর থানার পুলিস।
বরুণ সেনগুপ্ত: কালীপুজোর আনন্দে শহরজুড়ে খুশির হাওয়া। কোথাও বাজি ফাটছে, কোথাও কাঁসর-ঘণ্টা বাজছে। এই আবহেই বরানগরের শান্ত ফ্ল্যাটে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বরানগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শীতলামাতা লেন এলাকার এক উদ্ধার হয়েছে তরুণীর মৃতদেহ উদ্ধার। মৃত তরুণীর নাম অঞ্জলি সাউ(২৬)। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন মিলেছে বলেও জানা গিয়েছে। তবে উৎসবের আবহে এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হতবাক এলাকার মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করে বরানগর থানার পুলিস।
আরও পড়ুন: মায়ের কোলেই কাল! বড় ছেলের চোখের সামনেই দু'বছরের সন্তানকে গলা টিপে খুন করল জন্মদাত্রী
জানা গিয়েছে, অঞ্জলির বাড়ি ডানলপ এলাকায়। এই বাড়িতে তিনি জামাইবাবুর সঙ্গে এসেছিলেন জানা গিয়েছে এলাকার সূত্র থেকে। ঘটনার বিবরণ দিতে গিয়ে ওই ফ্ল্যাটের বাসিন্দা লতিকা মান্না জানান, ফ্ল্যাটের আসল মালিক এখানে থাকেন না। এই ফ্ল্যাটটি অঞ্জলির জামাইবাবুরই। গত সোমবার রাতে তরুণীর জামাইবাবু এসে তাঁর কাছে ফ্ল্যাটের চাবিটি জমা দিয়ে যান। এরপর গতকাল দুপুর আনুমানিক দুটো নাগাদ অঞ্জলি সেখানে পৌঁছান। লতিকাদেবীর কাছ থেকে চাবি নিয়ে তিনি ফ্ল্যাটের ভেতর ঢোকেন।
কিছুক্ষণ বাদেই অঞ্জলির জামাইবাবু লতিকাদেবীকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, অঞ্জলি ভেতর থেকে কোনোভাবেই দরজা খুলছেন না। এরপর প্রতিবেশীরা দরজায় বারবার ধাক্কাধাক্কি করলেও ভেতর থেকে কোনো সাড়াশব্দ মেলেনি। বিপদের আঁচ পেয়ে পরিবারের পক্ষ থেকে দ্রুত বরানগর থানায় খবর দেওয়া হয়।
আরও পড়ুন: ফোঁটা দেওয়ার প্রস্তুতি প্রায় শেষ বোনেদের, আচমকাই মাটিতে লুটিয়ে পড়ল ১৯ বছরের ভাই
পুলিস ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে ঢোকে। দেখা যায়, ঘরের খাটের ওপর নিথর অবস্থায় শুয়ে রয়েছেন অঞ্জলি। পুলিস তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এটি নিছকই আত্মহত্যা নাকি এর পেছনে কোনো খুনের ঘটনা জড়িয়ে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বরানগর থানার পুলিস মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)