SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

‘১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের দখল নেব’, হিন্দু হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি অর্জুন সিংয়ের

“১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের দখল নেব”, হিন্দু হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে অর্জুন সিং! অন্যদিকে ১৬ ডিসেম্বর হাসিনার ফেরার জল্পনা।

Written By Soumita Mukherjee
Published: Nov 25, 2026, 16:32 IST | Updated: Nov 25, 2026, 16:55 IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৬ ডিসেম্বরের মধ্যেই ভারত বাংলাদেশকে “নিয়ে নেবে” এবং প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যার প্রতিশোধ নেওয়া হবেই, এমনই বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্য করে নতুন করে রাজনৈতিক তরজা উস্কে দিলেন অর্জুন সিং। মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন তিনি। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আর কোনও অজুহাতের জায়গা নেই বলে দাবি করেন তিনি।  হিন্দুদের মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অর্জুন সিং। ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপোড়েনের আবহে এবং বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণার মাঝেই এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুন- দেশে ফেরার, আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে হাসিনার, মানবাধিকার একতরফা হতে পারে না: তসলিমা নাসরিন

অর্জুন সিং বলেন, “১৬ ডিসেম্বরের মধ্যে আমরা বাংলাদেশ নেব। যথেষ্ট হয়েছে, বাংলাদেশ নিয়ে আর কোনও অজুহাত চলবে না। বাংলাদেশে যেভাবে হিন্দুদের হত্যা করা হয়েছে, তার বদলা আমরা অবশ্যই নেব, এতে কোনো সন্দেহ নেই।” তাঁর এই মন্তব্য ইতোমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি করেছে।

এই বিতর্কের আবহেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকার তরফেও কড়া বার্তা দেওয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিদেশি কূটনীতিকদের ব্রিফ করার পর সাংবাদিকদের জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী দেশে ফিরলে কেবল বন্দি হিসেবে, হাতকড়া পরিয়ে এবং কড়া নিরাপত্তার মধ্যে ফিরতে পারেন। বাংলাদেশের বিজয় দিবস তথা ১৬ ডিসেম্বর হাসিনার দেশে ফেরার পরিকল্পনা সংক্রান্ত খবরের প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রত্যাশা আর বাস্তবকে গুলিয়ে ফেলা উচিত নয়।

আরও পড়ুন- বিজয় দিবসেই বাংলাদেশে ফিরছেন হাসিনা! বিদেশ প্রতিমন্ত্রীর বিস্ফোরক হুঁশিয়ারি প্রাক্তন প্রধানমন্ত্রীকে

এদিকে, ১৬ ডিসেম্বর দিল্লি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে করে ঢাকায় যেতে চান শেখ হাসিনা, এমনটাই আগে রয়টার্সকে জানিয়েছিলেন তাঁর মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলি। এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি বলেন যে, ২০২৪ সালের ৫ অগাস্ট হাসিনাকে যেহেতু জাতীয় বাহক বিমানে করে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল, তাই তাঁর ফেরার জন্য সরকারের পরিবহণের ব্যবস্থা করা উচিত। তবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম রাষ্ট্রীয় বিমানের এই দাবিকে উড়িয়ে দিয়েছেন বলে খবর। রবিবার রয়টার্সকে এক বাংলাদেশি মন্ত্রী জানান, হাসিনাকে দেশে পৌঁছোনোর পরই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে এবং তাঁর ফেরার জন্য বিমানের ব্যবস্থা করার বিষয়ে কোনও আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

 

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ নেওয়ার পর ২০২৪ সালের ৫ অগাস্ট ভারতে চলে আসেন। পরবর্তীতে আন্দোলন দমনে কড়াকড়ি সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর অনুপস্থিতিতেই তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। যদিও হাসিনা এই অভিযোগ অস্বীকার করেছেন। গত অগাস্টে এক অনলাইন সাংবাদিক বৈঠকে প্রথমবার দেশে ফেরার ইচ্ছার কথা জানান তিনি এবং পরবর্তী সাক্ষাৎকারগুলিতেও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন- বাংলাদেশে ফিরলে কী হবে হাসিনার? গিয়েই বিপদের মুখে পড়বেন, না কি চালে মাত হবে বিএনপি?

চলতি মাসের শুরুতেই হাসিনা ইউকে-তে তাঁর আইনজীবীদের মাধ্যমে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলেও খবর। ঢাকা বারবার ভারতের কাছে হাসিনার প্রত্যর্পণের দাবি জানিয়েছে। সব মিলিয়ে, ১৬ ডিসেম্বরকে ঘিরে একদিকে হাসিনার ফেরা ও ঢাকার কড়া অবস্থান, অন্যদিকে অর্জুন সিংয়ের হুঁশিয়ারি সব মিলিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্ক ও আঞ্চলিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারদ চড়ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

ইংরেজি সাহিত্যে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। ২০১২ সালে টেলিভিশনে হাতেখড়ি, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ২০২১ থেকে ডিজিটালের দুনিয়ায় প্রবেশ। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, দেড় দশকের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন। তারকাদের প্রশ্ন করাতেই বেশি সাবলীল। তবে শুধু গ্ল্যামার জগতেই আটকে নেই। ভোট কভারেজ থেকে শুরু করে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট কোঅর্ডিনেশন থেকে টিম ম্যানেজমেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী। 
Read More

ZEENEWS TRENDING STORIES