দেবব্রত ঘোষ ও অয়ন ঘোষাল: বেলুড় মঠ থেকে জয়রামবাটি ভায়া কামারপুকুর নতুন এ সি ভলভো বাস পরিষেবার উদ্বোধন হল। ডাব্লিউ.বি.টি.সি কর্তৃক এই বাস পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণ ও শ্রম দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী অর্জুন সিং। বেলুড় মঠের মেন গেটে এই উদ্বোধনী অনুষ্ঠান হয়।
কোন রুটে চলবে?
কোন রুটে এই বাস চলবে? জানা গিয়েছে, এই বাস বেলুড় মঠ থেকে যাত্রা শুরু করে চলবে ডানকুনি-চাঁপাডাঙা-আরামবাগ-কামারপুকুর হয়ে জয়রামবাটি পর্যন্ত।

'আর বন্ধ হবে না'
পরিবহণ মন্ত্রী অর্জুন সিং বলেন, 'আমরা যেটা চালাব, সেটা বন্ধ হবে না। বাংলার বাস বন্ধ হবে না, বাংলা চলবে।' পরিবহণ মন্ত্রী আরও বলেন, 'বর্তমান মুখ্যমন্ত্রী যখন আগে পরিবহণ মন্ত্রী ছিলেন, তখন এই পরিষেবা চালু হয়েছিল। মাঝে এটা বন্ধ হয়ে গিয়েছিল। এবার আর বন্ধ হবে না।' তিনি জানান, আগামী দিনে আরও বাস বাড়বে। যেখানে যেখানে লাগবে, সেখানে বাস দেওয়া হবে। ইতিমধ্যেই তিরিশটি সরকারি ভলভো বাস নিয়ে আসছে পরিবহণ দফতর।
আধুনিক বাস
এই বাসে রয়েছে বায়ো টয়লেট, স্পেসি সিট-সহ সমস্ত আধুনিক সুবিধা। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত গতিতে এই পরিষেবা চালু করা হয়েছে। যাত্রীসংখ্যা বাড়লে সেই অনুযায়ী আরও বাস দেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এই নতুন বাস পরিষেবার ফলে বেলুড় মঠ থেকে কামারপুকুর-জয়রামবাটি যাওয়া ভক্তদের যাতায়াত আরও সহজ ও আরামদায়ক হবে। এই বাস পরিষেবা মহিলাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ, তাঁদের কোনও ভাড়া লাগবে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)