জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভ্লাদিমির পুতিন এসে গিয়েছেন। বিমানবন্দরে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। লালগালিচা দিয়ে হেঁটে যাওয়ার সময় তাঁকে অভিবাদন জানান মার্চপাস্টে অংশ নেওয়া চিনা সেনা। এ সময় নৃত্যশিল্পীরাও তাঁকে স্বাগত জানান। সামনেই অবিশ্বাস্য একটা বৈঠক! স্বপ্নের বৈঠকও বলা যেতে পারে! মুখোমুখি বসতে চলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চিনের সর্বময় হেভিওয়েট সব নেতা। এক টেবিলে আলোচনায় বসতে চলেছেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার ভল্দামির পুতিন, চিনের জি জিনপিং! বিশ্বে এই প্রথম এই তিন মহা শক্তিধর দেশের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক। চিনের শেনজেনে বসা এই বৈঠকের দিকে সারা বিশ্বের নজর।
আরও পড়ুন:
চাপে পড়লেন ট্রাম্প?
কিন্তু তিনজনের মুখোমুখি বসার আগেই বোমা ফেলল চিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের আগেই বাণিজ্যে সুরক্ষাবাদী নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার করলেন চিনের প্রেসিডেন্ট জি জিনপিং। অন্য দিকে পশ্চিমি দেশগুলির নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। তার অর্থ, ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগেই এই দুই মহা শক্তিধর নেতার অবস্থান মোটামুটি কাছাকাছি। তবে কি চাপে পড়লেন ডোনাল্ড ট্রাম্প?
কাছাকাছি জিনপিং-পুতিন?
আজ, বুধবার চিনের দক্ষিণের প্রযুক্তিনগরী শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন তথা 'এপেক' সম্মেলনে জি জিনপিং ও ভ্লাদিমির পুতিন এসব কথা বলেছেন। এর আগে আঞ্চলিক মিত্রদের সঙ্গে বৈঠক করতে ফিলিপাইনের ম্যানিলায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখান থেকে তাঁর চিনে পৌঁছনোর কথা। কিন্তু পৌঁছনোর আগেই কি তিনি একটু ব্য়াকফুটে চলে গেলেন?
বাণিজ্য, এআই, পরমাণু
আগামীকাল বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও আলোচনায় থাকতে পারে বলে অনুমান।
চিনকে কড়া সমালোচনা
পশ্চিমি বাণিজ্য অংশীদাররা চিনের অর্থনৈতিক নীতির সমালোচনা করেছে। তাদের অভিযোগ, নিজেদের শিল্প খাতকে সুবিধা দিতে নেওয়া নীতির কারণে চিন প্রতিবছর এক লাখ কোটি ডলারের বেশি বাণিজ্য উদ্বৃত্ত অর্জন করছে। এতে চিনের নিজস্ব উপভোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ওয়াশিংটন, ব্রাসেলস-সহ অন্য সব পক্ষ চিনের সরবরাহব্যবস্থার আধিপত্য নিয়ে উদ্বিগ্ন। তাদের মতে, এই আধিপত্য চিনকে বিপুল ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ করে দিচ্ছে। চিনের এসব নীতির কারণে অন্য দেশের শিল্প ও কর্মসংস্থান বিপদের মুখে পড়ছে বলেও তারা মনে করে।
চিনের আশ্বাস
বেইজিংয়ের অবশ্য বক্তব্য, বিশ্বের ধনী অর্থনীতিগুলির সঙ্গে ব্যবধান কমিয়ে আনতে থাকা একটি দেশের পক্ষে তাদের বৃদ্ধির মডেল হিসেবে এটাই উপযুক্ত। জি আশ্বস্ত করে বলেন, চিন তার শিল্পখাতে বিনিয়োগ অব্যাহত রাখবে। চিন এমন নতুন প্রযুক্তি তৈরি করবে, যা অন্য দেশগুলিরও উপকারে আসবে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি শুল্ক কমাবে এবং নিজেদের বাজার আরও উন্মুক্ত করবে।
মহা বৈঠকে অগ্রাধিকার
হোয়াইট হাউসের মুখপাত্র সাংবাদিকদের আগেই জানিয়েছিলেন, চিনের শেনজেনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হবে তিন নেতার মহা বৈঠক। হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি বিশ্ব জুড়ে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোর বিষয়ে আলোচনা করবেন তিনি। পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন ট্রাম্প। ট্রাম্প চিনের প্রেসিডেন্ট জি জিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ওই ত্রিপাক্ষিক বৈঠকে ইরানের প্রসঙ্গ তুলতে চান। ইউক্রেন যুদ্ধ নিয়ে কি আলোচনা হবে না? ইউক্রেন যুদ্ধ বন্ধে ওয়াশিংটন আলাদাভাবে কিয়েভ ও মস্কোর সঙ্গে আলোচনা চালাচ্ছে। সাম্প্রতিক দিনগুলিতে মার্কিন প্রতিনিধিরা পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনাও করেছেন। এ বিষয়ে আমেরিকার আলোচনার একটা আলাদা ধারা রয়েছে। চিন এই আলোচনা প্রক্রিয়ার অংশ নয়, তাই সেখানে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করাটা তাঁরা উপযুক্ত মনে করবেন না বলেই মনে হয়।
ট্রাম্প-পুতিন আলাদা বৈঠক?
ডোনাল্ড ট্রাম্পের চিনসফরে তাঁর সঙ্গে থাকবেন টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। তবে তিন নেতার বৈঠকে মাস্ক অংশ নেবেন না বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। বৃহস্পতিবার চিনের প্রেসিডেন্টের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক ও ভোজে অংশ নেবেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পরে এটি হবে ওই দুই নেতার মধ্যে চতুর্থ বৈঠক। তবে এই অবসরে পুতিনের সঙ্গে ট্রাম্প আলাদা কোনো একান্ত বৈঠক করবেন না বলেই কিন্তু খবর।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)