SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

খনি শ্রমিকদের ইতিহাসে সর্বাধিক! ইসিএলের ১ লাখি পুজো বোনাসে জমাট বাজার আরও চাঙ্গা হওয়ার আশা

Huge Puja Bonus for Coal India Employees: আসানসোলের বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র দোকানদার, পুজোর আগে সবাই ইসিএলের বোনাস ঘোষণার দিকে তাকিয়ে থাকেন। এবারও ছিলেন। এবং তাঁদের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে বলেই খবর। খনি শ্রমিকদের ইতিহাসে সর্বাধিক বোনাস পেলেন কর্মীরা!

Written By Soumitra Sen
Published: Oct 05, 2026, 10:35 AM IST | Updated: Oct 05, 2026, 02:00 PM IST
Join

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইসিএলের বোনাস পুজোর সময়ে একরাশ শিউলি বা একগুচ্ছ কাশের মতোই বহু ঈপ্সিত একটি বিষয়। পুজোর আগে সবাই ইসিএলের বোনাস ঘোষণার দিকে তাকিয়ে থাকেন। এটাই এখানকার রীতি। আসানসোলের বড় ব্যবসায়ী থেকে শুরু করে ক্ষুদ্র দোকানদার-- সবাই এটা করেন। কেন করেন? বাজারের কথা ভেবে। কেনাকাটা করবেন মানুষ, বিক্রিবাটা হবে, বাজার থাকবে চাঙ্গা। এবারও ছবিটা এক। এবারও তাঁরা একই ভাবে বোনাসের দিকে তাকিয়ে ছিলেন। এবং শেষমেশ তাঁদের মনোবাঞ্ছা পূর্ণ হল বলেই মনে করা যাচ্ছে। কেননা, এবার রেকর্ড পরিমাণ বোনাস পেয়েছেন খনি শ্রমিকেরা!

১ লক্ষ ১০ হাজার ২৫০ টাকা

গত কয়েক বছর ধরেই খনি শ্রমিকরা রেকর্ড পরিমাণ বোনাস পেয়ে আসছেন। ফলে আসানসোল থেকে কুলটি, উখরা থেকে পাণ্ডবেশ্বর-- পুজোর বাজার একেবারে চাঙ্গাই থাকে। সবচেয়ে বড় খবর হল, এবারও তাঁদের নিরাশ করেনি কেন্দ্রীয় সংস্থা। বরং গত বছরের তুলনায় সাতহাজার টাকা বেশি দিয়ে এবার খনি শ্রমিকদের বোনাস ধার্য হয়েছে ১ লক্ষ ১০ হাজার ২৫০ টাকা। যা খনি শ্রমিকদের ইতিহাসে সর্বাধিক বোনাস।

প্রোডাকশন-লিংকড বোনাস

শনিবার দিল্লিতে কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বোনাস-বৈঠক করে। ইসিএলের বোনাস প্রোডাকশন-লিংকড। তাই কয়লাক্ষেত্রে উৎপাদন বেড়ে যাওয়ায় বিভিন্ন শ্রমিক সংগঠন বোনাসবৃদ্ধির দাবি জানায়। গতবছর কোল ইন্ডিয়ার ১ লক্ষ ৯৮ হাজার শ্রমিক এক লক্ষ তিন হাজার টাকা করে বোনাস পেয়েছিলেন। এবার শ্রমিক নেতারা আরও বেশি বোনাসের দাবি তোলেন। কর্তৃপক্ষের সঙ্গে দরাদরির পর অবশেষে ১ লক্ষ ১০ হাজার ২৫০ টাকা বোনাস ঠিক হয়।

ইসিএলে

কোল ইন্ডিয়ার অন্যতম সংস্থা ইসিএলে ৪১ হাজার স্থায়ী শ্রমিক রয়েছেন। এই খনি শ্রমিকরাও এই পরিমাণ বোনাস পাবেন। ব্যবসায়ীদের আশা, শ্রমিকদের বোনাস হিসাবে আসা মোট কয়েকশো কোটি টাকা শিল্পাঞ্চলের পুজোর বাজারকে আরও চাঙ্গা করবে। এই সংস্থার ঠিকা শ্রমিকরাও বেতনের ৮.৩৩ শতাংশ বোনাস পাবেন। শিল্পাঞ্চলের অন্য বড় নিয়োগ সংস্থা সেইল। তাদের অধীনে চারটি কারখানা রয়েছে। সেগুলি হল--দুর্গাপুরের ডিএসপি, এএসপি, বার্নপুরের ইস্কো ও কুলটির ইস্কো। গত বছর এই সংস্থার শ্রমিকরা ২৯ হাজার টাকা বোনাস পেয়েছিলেন। সেইলের লাভের উপরই বোনাসের অংক কষা হয়। সংশ্লিষ্ট এক শ্রমিক নেতা বলেন, গত বছর সংস্থা ২১০০ কোটি টাকা লাভ করেছিল। এবার তারা তিন হাজার কোটি টাকা লাভ করেছে। অথচ শ্রমিকপিছু বোনাস মাত্র তিন হাজার টাকা বাড়ানো হয়েছে। সেইলের স্থায়ী শ্রমিকরা এবার ৩২ হাজার টাকা বোনাস পাবেন। বোনাস আরও বাড়ানো উচিত ছিল।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

পেশায় দীর্ঘদিন। প্রিন্ট মিডিয়ায় শুরু। ওপিনিয়ন পেজ এবং ফিচারই সবচেয়ে পছন্দের। পাশাপাশি ভ্রমণসাহিত্য, সংগীত ও ছবির মতো চারুকলার জগৎও। অধুনা ডিজিটাল প্ল্যাটফর্মে সেসবের সঙ্গে যুক্ত হয়েছে অ্যাস্ট্রো, লাইফস্টাইল, পপুলার সায়েন্স ও ইতিহাস-অ্যানথ্রোপলজিক্যাল বিষয়পত্তরও। আদ্যন্ত কবিতামুগ্ধ. তবু বিভিন্ন ও বিচিত্র বিষয়ের লেখালেখিতে আগ্রহী। সংবাদের অসীম দুনিয়ায় উঁকি দিতে-দিতে যিনি তাই কখনও-সখনও বিশ্বাস করে ফেলেন-- 'সংবাদ মূলত কাব্য'!

ZEENEWS TRENDING STORIES