ফের পুলিসকে লক্ষ্য় করে গুলি, পালাল দুষ্কৃতী! বোলপুরের পর এবার...
সাইবার প্রতারণার মামলায় অভিযুক্ত ছিল সে। ধৃতদের সন্ধানে এলাকায় শুরু হয়েছে চিরুণী তল্লাশি।
বাসুদেব চট্টোপাধ্যায়: ফের পুলিসকে লক্ষ্য করে গুলি! আবার পালাল দুষ্কৃতী। সাইবার প্রতারণার মামলায় অভিযুক্ত ছিল সে। ধৃতদের সন্ধানে এলাকায় শুরু হয়েছে চিরুণী তল্লাশি। বোলপুরের পর এবার আসানসোল।
ঠিক কী ঘটেছে?
পুলিস সূত্রে খবর, দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক ঘটনার সঙ্গে যুক্ত ছিল প্রতাপ ওরফে প্যাও নামে ওই দুষ্কৃতী। জেলও খেটেছে সে। সদ্যই ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছিল। গোপন সূত্রে খবর ফের প্রতাপকে গ্রেফতার করতে অভিযান চালায় আসানসোল দক্ষিণ থানার পুলিস। কবে? আজ, বুধবার। হিরাপুর থানার ইসমাইলের এলাকায় ওই দৃষ্কৃতীর বাড়ি ঘিরে ফেলা হয়। বাড়ি ঘিরে ফেলা হচ্ছে বুঝতে পেরেই পুলিসকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড চালায় প্রতাপ এবং পালিয়ে যায়। যদিও কেউ গুলিবিদ্ধ হননি।
বোলপুরের ঘটনার পুনরাবৃত্তি
এর আগে, একই ঘটনা ঘটেছিল বোলপুরে। দুষ্কৃতীদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ হন বিশ্বজিৎ দাস নামের এক কনস্টেবল। বোলপুর হাসপাতালে প্রাথমিক চিকিত্সার পর তাঁকে স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে।
পুলিস সূত্রে খবর, সেদিন সন্ধ্যায় বোলপুরের লায়েক বাজার বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় এক অভিযুক্তকে ধরতে অভিযানে যান পুলিসকর্মীরা। সেই সময় আচমকাই পুলিসের ওপর চড়াও হয়ে গুলি চালায় ওই দুষ্কৃতী। একটি গুলি গিয়ে লাগে কনস্টেবল বিশ্বজিৎ দাসের পায়ে। গুলিতে তিনি আহত হওয়ার পর সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয় অভিযুক্ত। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: দেশে ২ জনের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, পালিয়ে এসে ৭ বছর পর হিলিতে পাকড়াও ৩ বাংলাদেশি
আর্মস অ্যাক্ট বা অস্ত্র আইন-সহ বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত ছিল ওই দুষ্কৃতী। তাকে ধরতে অভিযানে যান শান্তিনিকেতন থানার দুই কনস্টেবল। গাড়ি নেমে হেঁটেই লায়েক বাজার বাসস্ট্যাণ্ড সংলগ্ন এলাকায় পৌঁছন তাঁরা। এরপর যখন অভিযুক্তকে ধরার চেষ্টা করেন, তখনই পিস্তল বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পুলিসকে লক্ষ্য গুলি চালিয়ে দেয় ওই দুষ্কৃতী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)