বাসুদেব চট্টোপাধ্যায়: ঢাকের বাদ্যি আর মহিলাদের ধুনুচিনাচ! এসবে উৎসবের শেষ মুহূর্তটিও ছিল জমজমাট ছিল। এ ছবি শিল্পাঞ্চলের দুর্গাপুজোর। দশমী ও একাদশীতে অধিকাংশ প্রতিমা নিরঞ্জন সম্পন্ন হয়েছে আসানসোলে। এবার দামোদর নদীতে প্রতিমা নিরঞ্জনের জন্য অত্যাধুনিক চ্যানেল পদ্ধতির ব্যবস্থা করে নজর কেড়েছে আসানসোল পৌর নিগম। দ্রুত ও সুশৃঙ্খল ভাবে নিরঞ্জনের এই ব্যবস্থায় খুশি এলাকাবাসীরা। প্রতিমা নিরঞ্জনের আগে বিভিন্ন পুজো মণ্ডপে দেখা গিয়েছে মহিলাদের ধুনুচি নাচের প্রস্তুতি। ঢাকের তালে তালে ধুনুচি হাতে তাঁদের নাচ দেখতে মণ্ডপে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। উৎসবের শেষবেলায় এই দৃশ্য দুর্গাপুজোর আনন্দকে আরও রঙিন করে তোলে।
পুর নিগমের উদ্যোগের প্রশংসা
অন্য দিকে, দামোদর ঘাটে প্রতিমা নিরঞ্জনের জন্য এ বার বিশেষ চ্যানেল ব্যবস্থা করা হয়। ট্রাকে করে প্রতিমা ঘাটে নিয়ে আসার পরে নির্দিষ্ট চ্যানেলের উপর রাখা হচ্ছিল। সেখান থেকে চ্যানেলের মাধ্যমে প্রতিমা পৌঁছে দেওয়া হচ্ছিল নদীর জলে। গোটা প্রক্রিয়াটি সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে একাধিক শ্রমিক মোতায়েন করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে এই ব্যবস্থায় নিরঞ্জন সম্পন্ন হওয়ায় বাসিন্দারা পৌর নিগমের উদ্যোগের প্রশংসা করেছেন।
কালীপুজো, দীপাবলি, ছটপুজো
শিল্পাঞ্চলের বিভিন্ন পুকুরেও হয়েছে প্রতিমা নিরঞ্জন। সেখানেও কাজ দ্রুত সম্পন্ন করতে পর্যাপ্ত শ্রমিকের ব্যবস্থা করেছিল পৌর নিগম। ফলে দশমী ও একাদশী মিলিয়ে অধিকাংশ প্রতিমার নিরঞ্জন হয়ে গিয়েছে। বাকি প্রতিমাগুলির নিরঞ্জন আজ, শুক্রবারের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। দুর্গাপুজোর আনন্দঘন মুহূর্ত পেরিয়ে এবার পরবর্তী উৎসবের প্রস্তুতি শুরু শিল্পাঞ্চলে। কালীপুজো, দীপাবলি ও ছটপুজোকে ঘিরে নতুন করে প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ। দুর্গোৎসবের রেশ সঙ্গে নিয়েই আসানসোল এখন পরের উৎসবের অপেক্ষায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)