বাসুদেব চট্টোপাধ্যায়: মধ্যরাত্রে রাস্তার উপর বার্থডে সেলিব্রেট। মধ্যরাতে রাস্তায় জন্মদিনের পার্টিতে শূন্যে গুলি! সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই কড়া অ্যাকশনে পুলিশ। ভাইরাল ভিডিওর জেরে আসানসোলে আটক যুবক। মধ্যরাত্রে রাস্তায় কেক কেটে জন্মদিন পালন করতে গিয়ে ফাটানো হল বন্দুক। এমনই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো ভাইরাল হতেই তদন্তে নামে আসানসোল দুর্গাপুর পুলিস। অভিযুক্ত যুবককে আটক করে চলছে জিজ্ঞাসাবাদ।
পুলিশ সূত্রে খবর, কিছুদিন আগে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত নিউটাউন এলাকায় ঘটনাটি ঘটে। কয়েকজন যুবক মিলে রাস্তায় তাদেরই এক বন্ধুর বার্থডে সেলিব্রেট করছিল। সেই পার্টির মাঝেই এক যুবককে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে শূন্যে গুলি চালাতে দেখা যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই নড়েচড়ে বসে পুলিস। ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে। শুরু হয় যুবকদের খোঁজ। ঘটনাটির তদন্ত শুরু করে হিরাপুর থানার পুলিশ।
পুলিশ কমিশনার ডক্টর প্রনব কুমার জানিয়েছেন, দিন কয়েক আগে আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত নিউটাউন এলাকায় ঘটনাটি ঘটে। বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে শূন্যে গুলি চালানো হয়। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল ছবি দেখার পরই হাতে বন্দুক নিয়ে যে যুবককে দেখা যাচ্ছে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস।
পুলিসের প্রাথমিকভাবে অনুমান, যে আগ্নেয়াস্ত্রটি ভিডিয়োতে দেখা যাচ্ছে তা আসল আগ্নেয়াস্ত্র নয়। খেলনা বন্দুক। ভিডিয়োতে আসল বলে মনে হচ্ছে। যদিও আটক হওয়া যুবকের কাছ থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করার পরই নিশ্চিত হবে পুলিশ যে সেটা খেলার বন্দুক না আসল আগ্নেয়াস্ত্র। পুলিস পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)