নো-এন্ট্রি রাস্তায় মোটরসাইকেল আরোহীকে ডাম্পারের ধাক্কা! অবরোধ স্থানীয়দের
Asansol Accident: স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় ওই নির্দিষ্ট রাস্তায় নো-এন্ট্রি ছিল। কিন্তু নো-এন্ট্রির সময়, যখন অফিস টাইম, স্কুল টাইম, তখনও ডাম্পার চলে। প্রায় প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটে।
বাসুদেব চট্টোপাধ্য়ায়: আসানসোলে দুর্ঘটনা। কল্যাণপুরের দিক থেকে আসা এক মোটরসাইকেল আরোহীকে সেনরেলে রোডের কুমারপুর -মোড়ের কাছে ডাম্পারের ধাক্কা। এক ডাম্পার প্রচন্ড দ্রুত গতিতে এসে ধাক্কা মারে ওই মোটরসাইকেল আরোহীকে। যার ফলে ওই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
প্রতিবাদে আসানসোলগামী রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান আহত ব্যাক্তির পরিবারের সদস্য ও স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় আসানসোল দক্ষিণ থানার পুলিস। পুলিস এসে অবরোধকারীদের সাথে কথা বলার পর রাস্তা অবরোধ উঠে যায়। এই বিষয়ে স্থানীয় আন্দোলনকারীরা বলেন, মঙ্গলবার সকালে কল্যাণপুরের বাসিন্দা বিদ্যুৎ কর মোটরসাইকেলে করে তাঁর অফিস যাচ্ছিলেন। সেইসময় কুমারপুর মোড়ে প্রচন্ড দ্রুত গতিতে ধেয়ে আসা একটি ডাম্পার তাকে ধাক্কা মারে। স্থানীয় বাসিন্দারাই তাঁকে ডাম্পারের সামনে চাকা থেকে বের করে চিকিৎসার জন্য পাঠায়।
তাঁদের বক্তব্য যে ঘটনার সময় ওই নির্দিষ্ট রাস্তায় নো-এন্ট্রি ছিল। কিন্তু নো-এন্ট্রির সময়েও, যখন অফিস টাইম, স্কুল টাইম, তখনও ডাম্পার চলে। প্রায় প্রতিদিনই এখানে দুর্ঘটনা ঘটে। এর জন্য ট্রাফিক পুলিশ প্রশাসনের গাফিলতিকে দায়ী করেন তাঁরা। তাঁদের দাবি, নো এন্ট্রি কঠোরভাবে মানতে হবে। নির্দিষ্ট সময়ে নো এন্ট্রি করতে হবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)