জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পশ্চিমবঙ্গে ক্রমশ পিছিয়েছে। তবে এবার রাজ্যে তৈরি হয়েছে রাষ্ট্রবাদী সরকার। এই সরকারের মন্ত্রই হল নেশন ফাস্ট। ভারত মাতার বিরুদ্ধে কোনও যড়যন্ত্র যাতে বাংলা না হয় তা দেখা এই সরকারের প্রথম কাজ। মঙ্গলবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারত সেবাশ্রম সংঘের জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
ভারত সেবাশ্রম সংঘের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, দশ বছরেরও বেশি সময় ধরে বেলডাঙ্গা আশ্রমে আমরা আনাগোনা। ভারতবর্ষে পশ্চিমবঙ্গের যে জায়গাটা ছিল, শিক্ষা বলুন, শিল্প বলুন, সংস্কৃতি বলুন, বাণিজ্য বলুন, শান্তিপূর্ণ সহবস্থান বলুন সেখান থেকে পেছিয়ে আমরা অনেকদূর চলে গিয়েছি। আমিও অনেককিছু ছেড়ে ৬ বছর আগে থেকে রাষ্ট্রবাদের পক্ষে কাজ করতে শুরু করেছিলাম। চার বছর ধরে লাগাতার পশ্চিমবঙ্গ সনাতন সংস্কৃতি পরিষদ গঠন করে গোটা রাজ্যে মঠ মন্দির সন্ত সমাজকে এক করে কলকাতাতে প্রথম ১ লক্ষ কন্ঠে গীতাপাঠ, তার পরে শিলিগুড়িতে পঞ্চাশ হাজার কন্ঠে গীতা পাঠ, গত বছর পাঁচ লক্ষ কন্ঠে গীতাপাঠ করা হয়েছে। তার ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, এই রাষ্ট্রবাদী সরকারের কাজ হল দেশের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া। নেশন ফার্ট মন্ত্রে এগিয়ে যাওয়া। ভারত মাতার বিরুদ্ধে যাতে কোনও ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের মাটিতে না হয় সেটা দেখা আমাদের প্রথম কর্তব্য। আমাদের দ্বিতীয় কর্তব্য, এরাজ্যে নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা, ফিরিয়ে আনা। আমাদের তৃতীয় কর্তব্য় জনগণকে সুরক্ষিত রাখা। আমাদের চতুর্থ কর্তব্য, সকলকে সার্বজনীন শিক্ষা, স্বাস্থ্য এবং সাধারণ যে সুবিধা সেটা পৌঁছে দেওয়া। তার সঙ্গে সঙ্গে একদিকে সংস্কৃতি ও অন্যদিকে আধ্যাত্মিক জাগরণ করতে হবে।
তৃণমূল আমলের কথা না তুলে মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম পালন করতে গেল কেন কোর্টে যেতে হবে? কেন সাম্প্রদয়িক হানাহানি হবে? কেন হরগোবিন্দা দাস, চন্দন দাসকে বামপন্থী হওয়া সত্বেও প্রাণ দিতে হবে। কেন ধুলিয়ান হবে, কেন সামসেরগঞ্জ হবে? কেন কথায় কথায় বেলডাঙ্গায় জাতীয় সড়ক অবেরোধ হবে? দূরপাল্লার ট্রেনের উপরে পাথর ছোড়া হবে? কেন শক্তিপুরে রামনবমীর শোভাযাত্রা আক্রান্ত হবে? কেন বেলডাঙ্গা অশান্ত হবে? একাজ সরকারের নয়। সরকারের কাজ সমস্থ ধর্মীয় অনুষ্ঠানে সকলের জন্য সুরক্ষা এবং যথাযতভাবে ধর্ম পালন করার ব্যবস্থা করা। গর্বের সঙ্গে বলতে পারি শ্রাবণী মেলায় জলযাত্রীদের উপরে পুষ্পবৃষ্টি হয়েছে হেলিকপ্টার থেকে। জলপাইগুড়ির জল্পেস মন্দিরে আমি নিজে জলাভিষেক করেছি। ২০২৫ সালে অনুমোদিক দুর্গাপুজো ৪৫০০০। এবার এবার তা হয়েছে ৫৮০০০। ১৩০০০ পুজো বেড়েছে। এরা গত বছর করতে চেয়েছিল। কিন্তু সরকার করতে দেয়নি। সরকার পাল্টেছে বলে নতুন ১৩০০ দুর্গাপুজো, নতুন ৭০০০ কালী পুজো পশ্চিমবঙ্গে অনুমোদন পেয়েছে। এজিনিস খুব একটা ছোট কথা নয়। একটু আগেই মহারাজ বলেছেন এবার কলকাতা যেতে হবে। ১০ লাখ কন্ঠে গীতাপাঠ হচ্ছে। সেখানে প্রধান অতিথির আসন গ্রহণ করবেন মোহন ভাগবতজি। বাবা রামদেবজিও থাকবেন।
বাংলা ভাগ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বামী প্রণবানন্দ মহারাজের কথা না বলেই নয়, কাছেই বাংলাদেশ। সেখানে ধর্ম পালন করতে গেলে কীভাবে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে তা জানেন আপনারা। আজকে আমি-আপনিও কিন্তু বাংলাদেশ থাকতাম যদি না ঠাকুর মহারাজ সেদিন আওয়াজ তুলতেন। সঙ্গে ছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি। ১৯৪৭ সালে তারকেশ্বরে ৪ এপ্রিল থেকে ৬ এপ্রিল জাতীয় হিন্দু সম্মেলন হয়েছিল। সেখানে রেজিলিউশন পাঠ করা হয়েছিল, আমরা বাঙালি হিন্দুরা এখানে সংখ্য়ায় বেশি। আমরা পাকিস্তানে যাব না। ঠাকুর মহারাজ যদি আওয়াজ না তুলতেন তাহলে আমাদের পরিণতি চিন্ময়কৃষ্ণের মতো হত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)