অয়ন ঘোষাল: আজ থেকে রাজ্যে হাওয়া বদল। রাজ্যের উপকূলীয় জেলা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফাঁকা এলাকায় ভোরে কুয়াশা। বেলা বাড়লে কিছুটা জলীয় বাষ্পের অস্বস্তি। বিকেলের পর থেকে শুষ্ক আবহাওয়া। রাতের তাপমাত্রা আজ থেকে শুক্রবারের মধ্যে কোনো কোনো জেলায় ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। কাল মঙ্গলবার সকাল থেকে পুরোপুরি শুষ্ক আবহাওয়া রাজ্য জুড়ে।
হালকা বৃষ্টি
দক্ষিণবঙ্গে ৭ জেলায় আজ সোমবার খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এগুলি হল পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া। বাতাসে এখনও অত্যধিক জলীয় বাষ্প থেকে যাওয়ায় স্থানীয় ভাবে এই জেলাগুলোর কিছু অংশে অল্পসময়ের জন্য হালকা বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা ক্রমশ কমবে
মঙ্গলবার থেকে সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। একইসঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমশ কমবে। মেঘলা স্যাঁতস্যাঁতে আবহাওয়ার জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে এসেছিল। সেই তাপমাত্রা বেড়ে স্বাভাবিকের ঘরে পৌঁছাবে। মরসুমের প্রথম শীতের আমেজ পাবে পশ্চিমের জেলাগুলি।
মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। কলকাতা-সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলায় রাতের তাপমাত্রা ১৭ - ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে শুক্রবারের মধ্যে।
উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরবঙ্গে আজ সোমবারে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। বাকি জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। কাল মঙ্গলবার থেকে উত্তরের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা। পরিষ্কার আকাশ। তাপমাত্রা কমবে। সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার থেকে শুক্রবার এর মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
কলকাতায় মেঘলা আকাশ
কলকাতায় আজ সোমবার ভোরের দিকে হালকা কুয়াশা। বেলা বাড়লে প্রধানত পরিষ্কার এবং মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিকেল থেকে ক্রমশ শুষ্ক আবহাওয়া। আজ থেকে খুব অল্প অল্প করে রাতের সর্বনিম্ন তাপমাত্রা কমবে। সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়বে। শুক্রবারের মধ্যে কলকাতার রাতের তাপমাত্রা ২২ থেকে ক্রমশঃ নেমে ১৭ বা ১৮ ডিগ্রি স্পর্শ করতে পারে।
নতুন সিস্টেম
শীতের আমেজের স্থায়িত্ব নষ্ট করতে পারে ২৯ নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নতুন সিস্টেম। যে সিস্টেম ২ ডিসেম্বর একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এটির সম্ভাব্য ল্যান্ডফল ৪ ডিসেম্বর মধ্যরাতে হতে পারে। অন্ধ্র উপকূলে ল্যান্ডফল নাকি পুদুচেরি হয়ে এটি আরব সাগরের দিকে যাবে সেই বিষয়টি এখনও পর্যন্ত স্পষ্ট নয়।
দুটি ঘূর্ণিঝড়ের বাকি
ডিসেম্বরের ১৩ তারিখ বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড়ের ইঙ্গিত একাধিক বেসরকারি আবহাওয়া গবেষণা মডেলে। অক্টোবর থেকে ডিসেম্বরে ৫টি ঘূর্ণিঝড়ের ইঙ্গিত। ৩টি হয়ে গেছে। দুটি বাকি আছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)