অয়ন ঘোষাল: রাতারাতি ৩ ডিগ্রি পারদ পতন কলকাতায়। শহরে চলতি মরশুমে প্রথমবার রাতের পারদ নেমে এল ১৯ ডিগ্রির ঘরে। পরশু রাতের সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি। গতকাল রাতের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি। আজ রাতের পারদ নামতে পারে ১৮ ডিগ্রিতে। আগামিকাল রাতের পারদ নামতে পারে ১৭ ডিগ্রিতে।
দক্ষিণবঙ্গে সার্বিক ভাবে পারদ পতন হয়েছে গতরাতে। দমদম ১৮.৮ ডিগ্রি, সল্টলেক নিউটাউন ১৮.৭ ডিগ্রি, ব্যারাকপুর ১৮.৩ ডিগ্রি, হাওড়া সদর ১৯.১ ডিগ্রি, হাওড়া গ্রামীণ এবং উলুবেড়িয়া ১৮.২ ডিগ্রি।
উত্তরের পার্বত্য এলাকায় জমিয়ে পড়ল ঠান্ডা। দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য অঞ্চলে ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে রাতের পারদ। সন্দাকফু-সহ উপরের দিকের অঞ্চলে রাতের পারদ নামতে পারে ৫ থেকে ৭ ডিগ্রির ঘরে।
মনোরম আবহাওয়ার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন
২৯ নভেম্বর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে আরেকটি ট্রপিক্যাল সিস্টেম। যেটি ২ ডিসেম্বর পরিণত হতে পারে ঘুর্ণিঝড়ে। এটির সম্ভাব্য ল্যান্ড ফল ৪ এবং ৫ ডিসেম্বরের মধ্যবর্তী মধ্যরাতে। অন্ধ্র অথবা পুদুচেরি, অর্থাৎ বঙ্গোপসাগরের পূর্ব উপকূল অথবা আরব সাগরের পশ্চিম উপকূলে এটির ল্যান্ড ফল প্রক্রিয়া। যা এখনও পর্যন্ত নির্দিষ্ট নয়। এটির সম্ভাব্য নাম কানি।
কানির প্রভাব কাটতে না কাটতেই আরেকটি সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ইঙ্গিত। আবার সেই বঙ্গোপসাগর। ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত এটির সম্ভাব্য গতিবিধি। দুটি ক্ষেত্রেই বাংলায় পরোক্ষ প্রভাবের জেরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং তাপমাত্রা বৃদ্ধি হয়ে শীতের আমেজ নষ্ট হওয়ার ষোলো আনা আশঙ্কা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)