বিশ্বজিৎ মিত্র: চাকদহে শুভেন্দু অধিকারী। প্রতিশ্রুতি মতো আরতি বিশ্বাসের বাড়িতে শুভেন্দু অধিকারী। ২৫ লক্ষ টাকার চেক ও চাকরির আশ্বাস। চাকদহে মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস, নিরপেক্ষ তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠনের কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রতিশ্রুতি মতোই মঙ্গলবার দুপুর দুটো নাগাদ নদিয়ার চাকদহ থানার ৬ নম্বর ওয়ার্ডে আরতি বিশ্বাসের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মৃতের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সরকারের তরফে আগে দেওয়া আশ্বাস অনুযায়ী এই পদক্ষেপ বলে জানিয়েছে মৃতের পরিবার।
এদিন আরতি বিশ্বাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, প্রথমে সিটিং বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর কথা ভাবা হলেও পরবর্তীকালে মুখ্যসচিবের পরামর্শ অনুযায়ী অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে নিরপেক্ষভাবে তদন্ত করা হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, বর্তমান সরকারের সঙ্গে আগের সরকারের কাজের পদ্ধতিতে পার্থক্য রয়েছে। আগের সরকারের আমলে হাঁসখালি-সহ বিভিন্ন ঘটনার তদন্তের ক্ষেত্রে সিবিআই তদন্ত ও বিচারবিভাগীয় তদন্তের দাবিতে আদালতের দ্বারস্থ হতে হয়েছিল বলে দাবি করেন তিনি। তাঁর কথায়, এই ঘটনায় যাঁদের অনুমোদন দেওয়ার কথা ছিল, তাঁদের কোনও গাফিলতি থেকে থাকলে তদন্তের মাধ্যমে তা অবশ্যই খতিয়ে দেখা হবে।
এদিন আরএসএস প্রধান মোহন ভাগবতের মন্তব্য প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, মোহন ভাগবত যে বক্তব্য রেখেছেন, নিশ্চয়ই তথ্যের ভিত্তিতেই তা বলেছেন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি বিষয়টি বলেছেন বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। তাই তাঁর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করার কোনও কারণ নেই বলেও জানান তিনি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)