কিরণ মান্না: জেলা জুড়ে বিভিন্ন পুজো প্যান্ডেল উদ্বোধন। শেষে বৃহস্পতিবার রাতে হলদিয়ার প্রশাসনিক বৈঠক থেকে দুর্গাপুজোয় আঁটসাট নিরাপত্তায় নজরদারি থেকে শিল্প বিনিয়োগ তথা উন্নয়নে জোর দেওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হলদিয়া ভবনে প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিরঞ্জন কুমার, জেলা পুলিশ সুপার অংশুমান সাহা, হলদিয়ার মহকুমাশাসক সুরভী সিংলা-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
বৈঠকে দুর্গাপুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ও নজরদারি জোরদার করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পুজোর দিনগুলিতে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলাশাসক। পাশাপাশি, জেলায় চলতে থাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার উপরেও বিশেষ গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। শিল্প বিনিয়োগের ক্ষেত্রেও হলদিয়াকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। ইতিমধ্যেই হলদিয়ায় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পেপসি এবং একটি মেডিক্যাল ইকুইপমেন্ট প্রস্তুতকারী সংস্থা। এই দুই সংস্থার বিনিয়োগের জন্য হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে জমির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শিল্প স্থাপনের প্রক্রিয়া যাতে দ্রুত এগিয়ে যায়, সে বিষয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
এছাড়াও হলদিয়া পুরসভার নির্বাচন-সহ বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়। উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করে সেগুলির বাস্তবায়ন দ্রুত করার উপর জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিগতদিনে ব্রিটিশরাও মেদিনীপুরকে আটকাতে পারেনি। ১৫ বছর যারা অত্যাচার করেছে তারাও মেদিনীপুরকে আটকাতে পারেনি। ডবল ইঞ্জিন সরকার আগামীদিনে বাংলায় কী করে শুধু দেখতে থাকুন।
বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। পঞ্চমীর রাতে হলদিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী হাত দিয়ে তিনটি পুজো মণ্ডপের উদ্বোধন হয়। হলদিয়ার চৈতন্যপুর নবতারা ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "বিগতদিনে ব্রিটিশরাও মেদিনীপুরকে আটকাতে পারেনি, ১৫ বছর যারা অত্যাচার করেছে তারাও মেদিনীপুরকে আটকাতে পারেনি,ডবল ইঞ্জিন সরকার আগামীদিনে বাংলায় কি করে শুধু দেখতে থাকুন। বিগত সরকার পুজোয় বাধা দিতো। যারা বাধা দিতে আজ তাদের তালাবন্দি করে দিয়েছে সাধারণ মানুষ। এবছর ১৩ হাজার পুজো বেড়েছে। রীতি মেনেই দূর্গাপুজো করুন। সকলে পুজোয় খুব আনন্দ করুন। এবার গঙ্গাসাগর মেলা এমনভাবে করব, সবাই দেখবেন।"
প্রসঙ্গত, এবারের পুজোয় চৈতন্যপুর নবতারা ক্লাবের মণ্ডপের থিম 'থাইল্যান্ডের বুদ্ধ মন্দির'। ৩১তম বর্ষে পদার্পণ করল এই পুজো। কাঠ ,প্লাই, কিমিফোম, বোতাম দিয়ে এই মণ্ডপ তৈরি হয়েছে। এদিন হলদিয়া দুর্গাচক কলোনি বাজার ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)