সোমা মাইতি: ভয় কেটেছে। ভরসা ইন। মন খুলে নিজেদের ধর্ম পালন করুন। শাস্ত্র মেনে করুন। বহরমপুরে পুজো উদ্বোধনে এসে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে এবছর ১৩ হাজার নতুন দুর্গাপুজো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, পরিবর্তনের সরকার আসার পর বন্ধ হয়েছে পিতৃপক্ষে পুজো উদ্বোধন। মহালয়ার দিন পুজো উদ্বোধন হয়েছে ইডেন গার্ডেনে।
বন্ধ মদ, বন্ধ ভার্চুয়াল উদ্বোধনও!
এদিন বহরমপুরে পুজোর উদ্বোধন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও বলেন, সংস্কৃতি রক্ষা করতে হবে। ঐতিহ্য পরম্পররা রক্ষা করতে হবে। অষ্টমীর দিন কোথাও মদ পাওয়া যাবে না। এটাই পরিবর্তন। পঞ্জিকায় যা লেখা আছে তাই হবে। মুখ্যমন্ত্রী আরতি, নিরঞ্জন ঠিক করে দেবেন না। তিনি এও বলেন, ভার্চুয়ালি পুজো উদ্বোধন হয় না। শাস্ত্রে নেই। সবমিলিয়ে বহরমপুরে পুজো উদ্বোধনে এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মুখ্যমন্ত্রী এদিন এও ঘোষণা করেন যে, সরকার কলকাতায় সচিবালয়ের মধ্যে থাকবে না।
১৩ হাজার নতুন পুজো
প্রসঙ্গত, সরকার বদলের সঙ্গে সঙ্গেই রাজ্যে পুজোর সংখ্য়া বেড়েছে। বঙ্গে প্রথম বিজেপি সরকার আসার পরই রাজ্যে ১৩ হাজার নতুন পুজো হচ্ছে। এদিন মুর্শিদাবাদে বহরমপুরের পাশাপাশি বুধাসপাড়ায় দুর্গাপুজোর উদ্বোধন করেন শুভেন্দু অধিকারী। পুজো উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রায় ৫৮ হাজার ছোটো পুজো কমিটিকে ১ লক্ষ করে টাকার সহযোগিতা করা হয়েছে। যার মধ্যে মুর্শিদাবাদ জেলারও পুজো কমিটি রয়েছে। মুর্শিদাবাদ জেলায় ৮০০-র বেশি নতুন পুজো এবার অনুমোদন পেয়েছে।
সিএএ আশ্বাস
দুর্গাপুজো উদ্বোধনী মঞ্চ থেকেই সিএএ নিয়েও বড় আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। বলেন, যারা ধর্ম বাঁচাতে জন্য বাংলাদেশ থেকে চলে এসেছিলেন, সেইসব উদ্বাস্তু হিন্দুদের এখানে সিএএ সার্টিফিকেট পেতে কোনও অসুবিধা হবে না। জেলাশাসক শুনানি করে সিএএ সার্টিফিকেট দিয়ে দেবেন। এদিন মুখ্যমন্ত্রী রেজিনগর উপনির্বাচনে জয়ের জন্য ধন্যবাদ জানান রেজিনগরবাসীকে। বলেন, "আমার আবেদনে সাড়া দিয়ে রেজিনগরবাসী রাজ্য সরকারের উপর আস্থা প্রকাশ করেছেন।" একইসঙ্গে জানান, কিছুদিন পরেই তিনি আবার আসবেন নারকেলবাড়ি ব্রিজের শিলান্যাস করার জন্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)