অনুপ কুমার দাস: নদীয়ার চাপড়ায় ভয়াবহ ঘটনা। ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য চারাতলা গ্রামে। ভর সন্ধ্যায় লোহার ভারী বস্তু দিয়ে বাবাকে আঘাত করার অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা চিকিৎসকদের, ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ছেলে।
জানা যায়, বাবার সঙ্গে ছেলের সম্পর্কের এমন মর্মান্তিক পরিণতি। নিজের বাবাকে খুনের অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার চাপড়া থানার চারাতলা গ্রামে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলী শেখ। গতরাতে ঘটে যাওয়া এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আচমকাই ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, লোহার ভারী কোনও বস্তু দিয়ে বাবাকে আঘাত করে ছেলে। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মোহাম্মদ আলী শেখ। ঘটনাটি নজরে আসতেই তাঁকে উদ্ধারের উদ্যোগ নেন স্থানীয় বাসিন্দারা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় চাপড়া গ্রামীণ হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোক ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়।
এদিকে, বাবাকে খুনের অভিযোগ ওঠার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাপড়া থানার পুলিশ। ঠিক কী কারণে এই ঘটনা ঘটল? পারিবারিক কোনও বিবাদের জেরেই কি এই মর্মান্তিক পরিণতি, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকায়।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিস। অভিযুক্ত ছেলের খোঁজে কী পদক্ষেপ করা হচ্ছে, পাশাপাশি এই ঘটনার নেপথ্যে ঠিক কী রহস্য রয়েছে, তা তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে।
একদিকে বাবার মৃত্যু, অন্যদিকে ছেলের বিরুদ্ধে খুনের গুরুতর অভিযোগ চাপড়ার চারাতলা গ্রামের এই ঘটনায় এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)