রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশ ও এক সাধকের ন’বছরের তপস্যা! জানেন কীভাবে শুরু হয়েছিল ৪০০ বছরের প্রাচীন এই জগদ্ধাত্রী পুজো?
Jagadhatri Puja: নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্নাদেশে ঘটপুজোর মাধ্যমে জগদ্ধাত্রী আরাধনার সূচনা হয়। পরবর্তীতে সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণীর সাধনা ও রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় শান্তিপুরের ব্রহ্মশাসনে মৃন্ময়ী মূর্তিপুজো শুরু হয়। রাজপরিবারের সদস্যদের দর্শনের সুবিধার্থে এখানে নবমীতে পুজো শুরু হয়ে একাদশীতে বিসর্জন হয়।
বিশ্বজিত্ মিত্র: নদীয়ার জগদ্ধাত্রী পুজোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের নাম। কথিত আছে, রাজ পরিবারের হাত ধরেই প্রায় চারশো বছরেরও বেশি আগে নদীয়ায় দেবী জগদ্ধাত্রীর আরাধনার সূচনা হয়েছিল। প্রথমে ঘটপুজোর মাধ্যমে শুরু হলেও পরবর্তীকালে সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণীর সাধনা ও উদ্যোগে দেবী মৃন্ময়ী রূপে পূজিত হতে শুরু করেন। সেই ইতিহাসেরই এক প্রাচীন সাক্ষী নদীয়ার শান্তিপুরের ব্রহ্ম শাসনের জগদ্ধাত্রী পুজো।
ইতিহাস অনুযায়ী, সময়টা ১৭৬০ সাল। মীরজাফরকে সরিয়ে মীরকাশিমকে বাংলার নবাবের আসনে বসান ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির পক্ষ নিয়ে কর দিতে অস্বীকার করার অভিযোগে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রকে মুঙ্গেরে বন্দি করেন মীরকাশিম। ১৭৬৩ সালে মীরকাশিম ও ইংরেজদের যুদ্ধের সুযোগে বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ফিরে আসছিলেন রাজা। ফেরার পথে গঙ্গায় দুর্গাপ্রতিমার বিসর্জন দেখে মনঃক্ষুণ্ণ হন তিনি। কথিত আছে, সেই সময়ই স্বপ্নাদেশ পান কার্তিকী শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর আরাধনা করার। কিন্তু দেবীর মূর্তি তৈরি সম্ভব না হওয়ায় প্রথমে ঘটপুজোর মাধ্যমেই শুরু হয় আরাধনা। অন্যদিকে, শান্তিপুরের হরিপুর অঞ্চলের ব্রহ্মশাসন গ্রামে বসবাস করতেন সাধক চন্দ্রচূড় তর্কচূড়ামণী। তিনি রাজপরিবারের পণ্ডিত হিসেবেও পরিচিত ছিলেন।
আরও পড়ুন: 'অনেক কিছুই হবে, সবে শুরু হয়েছে...'! পানিহাটি কাণ্ডে চরম হুঁশিয়ারি দিলীপ ঘোষের
কথিত আছে, গ্রামের নদীর পাড়ে একটি কামরাঙা গাছের নিচে পঞ্চমুণ্ডির আসনে বসে দীর্ঘ ন’বছর সাধনা করেন তিনি। সাধনার এক পর্যায়ে সূর্যোদয়ের সময় ধ্যানযোগে সিংহবাহিনী, চতুর্ভুজা ও রক্তিমবর্ণা দেবী জগদ্ধাত্রীর দর্শন পান। দেবীর আদেশে প্রথম মৃন্ময়ী মূর্তি নির্মাণ করে শুরু করেন জগদ্ধাত্রী পুজো। পরবর্তীকালে রাজা গিরিশচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় দেবীর পূজার মন্ত্র ও পদ্ধতি প্রতিষ্ঠিত হয় বলে জনশ্রুতি রয়েছে। একসময় ব্রহ্মশাসন গ্রামে ১০৮ ঘর ব্রাহ্মণের বসবাস ছিল। সেই থেকেই এলাকার নামকরণ হয় ব্রহ্মশাসন বলে জানা যায়। কিন্তু পরবর্তীকালে গ্রামে মহামারীর প্রকোপ দেখা দেওয়ায় বহু পরিবার অন্যত্র চলে যেতে বাধ্য হন। বন্ধ হয়ে যায় পুজোও।
পরবর্তীকালে সেখানেই নতুন করে শুরু হয় দেবীর আরাধনা। বর্তমানে ১০৮টি ব্রাহ্মণ পরিবারের মধ্যে মাত্র একটি পরিবার অবশিষ্ট রয়েছে বলে জানা গিয়েছে। তবে সময়ের পরিবর্তন হলেও পুজোর ঐতিহ্য আজও অক্ষুণ্ণ রেখেছেন স্থানীয় বাসিন্দারা। এই পুজোর অন্যতম বিশেষত্ব এর তিন দিনের আয়োজন। নবমী তিথিতে পুজোর সূচনা হয় এবং একাদশীতে শুরু হয় বিসর্জন পর্ব। এর পিছনেও রয়েছে রাজপরিবারের সঙ্গে জড়িয়ে থাকা এক বিশেষ ইতিহাস।
কথিত আছে, রাজপরিবারে নবমীতে পুজো শুরু হয়ে দশমীতে বিসর্জন হত। ফলে রাজপরিবারের সদস্যরা নিজেদের পুজোর ব্যস্ততার কারণে এখানে এসে দেবী দর্শন করতে পারতেন না। তাঁদের কথা মাথায় রেখেই একাদশীতে বিসর্জনের রীতি চালু হয়। এই মন্দিরের পুরোহিত তিনি জানান প্রথমদিকে এখানে ঘটপুজোর প্রচলন ছিল। পরবর্তীকালে রাজপরিবারের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় মূর্তিপুজো এবং পুজোর মন্ত্র ও পদ্ধতির প্রচলন হয়। এই পুজোর সঙ্গে রাজপরিবারের গভীর যোগ রয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের নতুন করে পুজো শুরু হয়। বর্তমানে নিষ্ঠার সঙ্গে সেই প্রাচীন রীতি মেনেই দেবীর আরাধনা করা হয়।
স্থানীয়দের বিশ্বাস, সূত্রাগড়ের মা জগদ্ধাত্রী অত্যন্ত জাগ্রত। মনস্কামনা পূরণের আশায় বহু ভক্ত মন্দির সংলগ্ন গাছে ঢিল বাঁধেন। কেউ আসেন মানত করতে, কেউ আবার মানত পূরণ হওয়ার পর দেবীর কাছে কৃতজ্ঞতা জানাতে। শহরের কোলাহল ও জাঁকজমক থেকে অনেকটাই দূরে, অত্যন্ত অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয় এই প্রাচীন পুজো। তবুও দেবীর টানে নবমী থেকে একাদশী পর্যন্ত দূরদূরান্তের অসংখ্য মানুষের সমাগম ঘটে। ইতিহাস, সাধনা, রাজপরিবারের স্মৃতি এবং লোকবিশ্বাসের মেলবন্ধনে শান্তিপুরের সূত্রাগড়ের এই জগদ্ধাত্রী পুজো আজও বহন করে চলেছে নদিয়ার এক প্রাচীন ধর্মীয় ঐতিহ্য।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)