SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

হুমায়ুন 'গড়' রেজিনগরে রেকর্ড! বাজিমাত বিজেপির তুরুপের তাস শাখারভ সরকারের

Rejinagar Bypoll Result: রেজিনগর উপনির্বাচনে হুমায়ুন কবীরের ছেলের বিরুদ্ধে অভিজ্ঞ সংগঠক শাখারভ সরকারকে প্রার্থী করে বিজেপি। আর তাতেই বাজিমাত বিজেপির। শাখারভ সরকারের উপরই ভরসা রেখেছিল বিজেপি। আর সেই ভরসায় নিরাশ করলেন না শাখারভ সরকার। মিটিয়ে দিলেন সুদে-আসলে।

Written By Sudeshna Paul Saha
Published: Oct 09, 2026, 12:17 PM IST | Updated: Oct 09, 2026, 12:47 PM IST
Image Credit: রেজিনগরে ফুটল কোমল! ফোটালেন শাখারভ সরকার
Join

অয়ন ঘোষাল: মাত্র ৫ মাসেই ঘুরল খেলা। রেজিনগরে বাজিমাত বিজেপির। চতুর্থ রাউন্ডের শেষেই রেজিনগরে রেকর্ড লিড! ক্রমশ লিড বাড়াচ্ছেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার। আনুষ্ঠানিকভাবে জয় ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। রেকর্ড ভোটের ব্যবধানে জয়ে আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী শাখারভ সরকার। ইতিমধ্যেই রেজিনগরের মাটিতে শুরু হয়ে গিয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের জয়ের উল্লাস। গেরুয়া আবির মেখে, বাজনা বাজিয়ে উচ্ছ্বাস বিজেপি কর্মী, সমর্থকদের।

রেজিনগরে ফুটল কোমল!

তৃতীয় রাউন্ড গণনার শেষে হুমায়ুন পুত্র গোলাম নবি আজাদ খানিক ভোট বাড়িয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেও, বিজেপি প্রার্থী শাখারভ সরকারের সঙ্গে তাঁর ব্যবধান বিশাল। চতুর্থ রাউন্ডের শেষে বিজেপি রেকর্ড ৩১৮৯০ ভোটে লিড পেয়ে যায়। পঞ্চম রাউন্ডের শেষে সেই ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩৬,০০০। রেকর্ড মার্জিনে রেজিনগর জিতে ইতিহাস গড়তে চলেছে বিজেপি। প্রসঙ্গত, হুমায়ুন কবীরের 'গড়' রেজিনগরে, উপনির্বাচনে বিজেপির বাজি ছিলেন শাখারভ সরকার। রেজিনগর উপনির্বাচনে হুমায়ুন কবীরের ছেলের বিরুদ্ধে অভিজ্ঞ সংগঠক শাখারভ সরকারকে প্রার্থী করে বিজেপি। আর তাতেই বাজিমাত বিজেপির। রেজিনগরে ফুটল কোমল!

কে এই শাখারভ সরকার?

বর্তমানে বিজেপির রাজ্য সম্পাদক পদে রয়েছেন শাখারভ সরকার। একটা বড় সময় ধরে বিজেপির মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি ছিলেন শাখারভ। ২০২১ থেকে ২০২৫-এর এপ্রিল অবধি ছিলেন মুর্শিদাবাদ জেলা কমিটির সভাপতি পদে। পরবর্তীতে দলের রাজ্য কমিটির সম্পাদক হন। ভোটের আগে অবধি নিবিড়ভাবে জেলায় বিজেপির ঘর গুছিয়েছেন শাখারভ সরকার। মুর্শিদাবাদ জেলায় বিজেপির সাংগঠনিক শক্তিবৃদ্ধির পিছনে মুখ্য ভূমিকা ছিল শাখারভ সরকারের। দলের অন্দরে সাংগঠনিক নেতা হিসেবেই পরিচিত তিনি। একাধিকবার তাঁকে হুমায়ুন কবীর থেকে অধীর চৌধুরী, অনেকের সঙ্গেই তরজায় জড়াতেও দেখা যায়। হুমায়ুনের খাসতালুক রেজিনগরে হুমায়ুন কবীরের সঙ্গে তরজায় জড়ানো শাখারভ সরকারের উপরই ভরসা রেখেছিল বিজেপি। আর সেই ভরসায় নিরাশ করলেন না শাখারভ সরকার। মিটিয়ে দিলেন সুদে-আসলে।

২০২১ ও ২০২৪ নির্বাচনের ফলাফল

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে রেজিনগরে তৃণমূল কংগ্রেসের রবিউল আলম চৌধুরী ১,১৮,৪৯৪টি ভোট (৫৬.৩১% ভোট) পেয়ে জয়ী হন। সেবার বিজেপির প্রার্থী অরবিন্দ বিশ্বাস ৫০,২২৬টি ভোট (২৩.৮৭%) পেয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। প্রধান বিরোধী মুখ হয়ে ওঠেন তিনি। অন্যদিকে, একসময়ের শক্তিশালী দল কংগ্রেস নেমে যায় তৃতীয় স্থানে। এরপর ২০২৪ সালে লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত রেজিনগর বিধানসভা এলাকায় তৃণমূল প্রার্থী এগিয়ে থাকলেও, বিজেপি নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে সক্ষম হয়।

২০২৬-এ রেজিনগরে পট পরিবর্তন

কিন্তু ২০২৬ বিধানসভা ভোটের আগেই বড় পট পরিবর্তন ঘটে মুর্শিদাবাদের রাজনীতির। হুমায়ুন কবীর তৃণমূল ত্যাগ করে গড়ে তোলেন AJUP। নিজে দাঁড়ান রেজিনগর আসন থেকে, জয়ী হন। হুমায়ুন কবীর পান ১,২৩,৫৩৬ ভোট  (৫১.৬২% ভোট)। ওদিকে বিজেপির বাপন ঘোষ পান ৬৪,৬৬০ ভোট (২৭.০২% ভোট)। ৫৮,৮৭৬ ভোটের মার্জিনে বিজেপি প্রার্থী বাপন ঘোষকে পরাজিত করেন হুমায়ুন কবীর। আর অবিভক্ত তৃণমূল কংগ্রেসের আতাউর রহমান ৪১,৭১৮ ভোট (১৭.৪৩% ভোট) পেয়ে নেমে যান তৃতীয় স্থানে।

কেন রেজিনগরে উপনির্বাচন?

শেষ বিধানসভা নির্বাচনে AJUP প্রধান হুমায়ুন কবীর নওদা ও রেজিনগর দুই জায়গা থেকেই ভোটে লড়েন। দুটি আসনেই জয়ী হন। এরপর নিয়ম অনুসারে একটি আসন ছাড়তে হয় তাঁকে। রেজিনগর ছেড়ে দেন হুমায়ুন কবীর। তাই রেজিনগরে উপনির্বাচন জরুরি হয়ে পড়ে। তাই রেজিনগর উপনির্বাচন একদিকে যেমন ছিল হুমায়ুন কবীরের পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য ও গড় রক্ষার লড়াই, অন্যদিকে তেমনই ছিল শাখারভ সরকারের দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার পরীক্ষা। ভোটের দিনও চরম নাটকীয়তা লক্ষ্য করা যায় রেজিনগরে। আটক করা হয় হুমায়ুন কবীরকে। তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও ঘোষণা করেন। সব মিলিয়ে হাইভোল্টেজ রেজিনগর উপনির্বাচন ঘিরে ছিল টানটান উত্তেজনা।

 

আরও পড়ুন, টিকিটে তুলকালাম! হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন ক্ষুব্ধ ৩ NCPI সাংসদ... বড় খবর

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

টেলিভিশনে হাতেখড়ি। প্যাশন ডিজিটাল। অনলাইন সাংবাদিকতা মানে শুধু অনলাইনে খবর লেখা নয়, ডিজিটাল মানে ডেটা নিয়ে 'খেলা'! সংখ্যাতত্ত্বের সাংবাদিকতা! অন সেকেন্ড ডেটার চুলচেরা বিশ্লেষণে নেওয়া ডিজিটাল স্ট্র্যাটেজি। ১২ বছর ধরে মিলিয়ে যাচ্ছি লেখা আর ডেটার খেলা। রাজ্য থেকে দেশ, বিশ্ব থেকে বিবিধ, রাজনীতি থেকে কূটনীতি- সংবাদ নিয়ে সংখ্যাতত্ত্বের 'খেলা'ই আমার ফোকাস।

ZEENEWS TRENDING STORIES