পাঁচটা কেন ৫০০ এনকাউন্টার হলেও কম, এদিকে ওদিক করলেই পুলিসের গুলি আছে: দিলীপ ঘোষ
Dilip Ghosh: দিলীপ ঘোষ আরও বলেন, অনেক রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি আমরা, ভয়ে ভয়ে থাকার জন্য নয়
বিধান সরকার: গত ৬ মাসে রাজ্য ৫ এনকাউন্টার হয়ে গিয়েছে। কখনও পুলিসের বন্দুক ছিনিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা তো কখনও পুলিসকে লক্ষ্য করে গুলি, ঘটনাস্থলের পাল্টা পদক্ষেপ করেছে পুলিস। এনিয়ে বিরোধীরা বিভিন্ন প্রশ্ন তুলেছে। তাদের পাল্টা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।
মঙ্গলবার চণ্ডীতলার পাকুড় মশাটে এক জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেখানেই এক অনুষ্ঠানে রাজ্যে এনকাউন্টার নিয়ে কথা তোলেন। দিলীপ ঘোষ বলেন, অনেকে বলছেন পাঁচটা এনকাউন্টার হল, আমি বলি পাঁচশো হলেও কম হবে। হিন্দু মা-বোনেদের দিকে যারা ট্যারা চোখে তাকাবে তাদের কী দুর্ভোগ হবে সেটা দেখতে পেয়েছি।
দুষ্কৃতকারীরা দাপিয়ে বেরিয়েছে। আমাদের ধর্মকর্ম করতে দেয়নি। মা বোনেরা ভয়ে ভয়ে বাজারে বেরিয়েছেন। এর পরিবর্তন আপনারাই করেছেন। তাই মাথা উঁচু করে বাঁচবেন ধর্ম কর্ম করবেন।
আরও পড়ুন-‘সনাতনকে গালি দিলে বিপদ’! হুংকার মুখ্যমন্ত্রীর, ঘোষণা কলকাতার প্রথম রামকথার আসরের
দিলীপ ঘোষ আরও বলেন, কেউ এদিক-ওদিক করলেই পুলিসের গুলি আছে। অনেক রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি আমরা, ভয়ে ভয়ে থাকার জন্য নয়। বাংলার পবিত্র মাটিতে অনেক মনীষী জন্মেছেন। গোটা দুনিয়াকে আমরা রাস্তা দেখিয়েছি। সেখানেই আমাদের বাড়িতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছিল। এখান থেকে মুক্তি পেয়েছি আমরা। আমরা দেখিয়ে দিয়েছি আমরা পারি। এখানে কোনও দুষ্কৃতকারী মৌলবাদীদের জায়গা নেই।
এখানেই থেমে থাকেননি পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলেন, আমরা মাথা উঁচু করে বাঁচব, ভয়ে ভয়ে থাকতে হবে না। নতুন প্রজন্মের জন্য সেই ব্যবস্থা করে দিয়ে যাব আমরা। দুর্নীতি তোলাবাজি সিন্ডিকেট থাকবে না। মা-বোনেদের দিকে কেউ ট্যারা চোখে তাকাবে না। ভরসা রাখুন আগামী দিনে পশ্চিমবঙ্গকে আমরা পাল্টে দেব।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)