মায়ের কোলেই কাল! বড় ছেলের চোখের সামনেই দু'বছরের সন্তানকে গলা টিপে খুন করল জন্মদাত্রী
Mother Killed Son: প্রথম পক্ষের ১৩ বছর বয়সী ছেলের সামনেই এই ঘটনাটি ঘটে বলে পরিবারের দাবি। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিস। খুনের আসল কারণ ও ঘটনার সত্যতা জানতে পুলিস পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।
নকিব উদ্দিন গাজি: নিজের হাতেই নিজের সন্তানকে মেরে ফেলল জন্মদাত্রী মা। গলা টিপে শিশুপুত্রকে খুনের অভিযোগ তীব্র চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার উত্তর দুর্গাপুর গ্রামে দুই বছরের শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, নিজের দু’বছরের শিশুপুত্র রক্তিম হালদারকে গলা টিপে খুন করেছেন তার মা কেতোকি হালদার। ইতিমধ্যেই অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে মথুরাপুর থানার পুলিস।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম রক্তিম হালদার। তার বাবা রমেশ হালদার। অভিযোগ, সন্ধ্যা প্রায় পাঁচটা নাগাদ এই মর্মান্তিক ঘটনা ঘটে।
আরও পড়ুন: শ্বশুরবাড়িতে চরম পরিণতি! ভূরিভোজের পরই ছটফটানি, তারপর শেষ প্রশান্ত, গ্রেফতার স্ত্রী
পরিবারের দাবি, কেতোকি হালদার এর আগে প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে রমেশ হালদারকে বিয়ে করেছিলেন। তবে পরবর্তীতেও তাঁর আগের সংসারের ১৩ বছরের ছেলের সঙ্গে যোগাযোগ ছিল। পরিবারের অভিযোগ, ঘটনার দিন ওই নাবালকের সামনেই দু’বছরের শিশুটিকে গলা টিপে খুন করে কেতোকি।
পরিবারের আরও দাবি, ঘটনার পর ওই নাবালক বাড়ির লোকজনকে সমস্ত বিষয় জানায় এবং প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে। এমনকী, শিশুটিকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়ার পরিকল্পনা ছিল বলেও অভিযোগ উঠেছে। নাবালককে ভয় দেখিয়ে এই ঘটনা ঘটানো হয়েছিল কি না, তা নিয়েও পরিবারের তরফে প্রশ্ন তোলা হয়েছে।
ঘটনার খবর পেয়ে মথুরাপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত কেতোকি হালদারকে গ্রেফতার করে। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, ঘটনার সময় ঠিক কী ঘটেছিল এবং পরিবারের তরফে ওঠা অভিযোগের সত্যতা কতটা, তা খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন: রাজ্যে ফের এনকাউন্টার! রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে মূল অভিযুক্ত এনকাউন্টারে খতম
মাত্র দু’বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উত্তর দুর্গাপুর গ্রামে শোক ও উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে এখন পুলিসের তদন্তের দিকেই তাকিয়ে এলাকাবাসী।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)