অয়ন ঘোষাল: আজ শুক্রবার ষষ্ঠী এবং কাল শনিবার প্রথম সপ্তমী পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। রবিবার দ্বিতীয় সপ্তমী থেকে শুষ্ক আদর্শ অনুকূল পুজোর আবহাওয়া।
উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া। শুক্রবার ষষ্ঠী ও শনিবার প্রথম সপ্তমীর দিন উপরের দুই-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তারপর উত্তরেও মনোরম আবহাওয়া। অষ্টমী নবমী দশমী দার্জিলিংয়ের সৌভাগ্যবান পর্যটকরা ঘুমন্ত বুদ্ধ অর্থাৎ কাঞ্চনজঙ্ঘার ঝকঝকে ভিউ দেখতে পারেন।
সাগরে ঘূর্ণাবর্ত
বঙ্গোপসাগরে কোমোরিন এলাকায় ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের অবস্থান। এর থেকে আজ নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে। তৈরি হলে তার অভিমুখ হবে অন্ধ্র তামিলনাড়ু উপকূল।
বর্ষা বিদায়
বাংলার অধিকাংশ এলাকা থেকে বর্ষা বিদায় নিয়েছে। অসমের ধুবরি থেকে কলকাতার উপর দিয়ে বর্ষা বিদায় রেখা। এই রেখা আজ আগামীকাল শনিবার আরেকটু পূর্ব দিকে সরে গেলে উত্তরবঙ্গ থেকেও আনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় নেবে।
দক্ষিণবঙ্গে আজ
শুক্রবার ষষ্ঠী থেকে কাল শনিবার প্রথম সপ্তমী পর্যন্ত মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
দ্বিতীয় সপ্তমী অর্থাৎ রবিবারেও সকালের প্রথম ৩-৪ ঘণ্টায় উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
শুষ্ক আবহাওয়া
সোমবার মহাষ্টমী থেকে আবার শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নগণ্য। ক্রমশ তাপমাত্রা কমবে। অষ্টমীর থেকে পশ্চিমের জেলায় জেলায় হেমন্তের আবহাওয়া। ভোরের দিকে ফাঁকা এলাকায় হালকা কুয়াশা। ত্বকে সামান্য টান ধরবে। বাতাসে ফিরবে হিমের হালকা পরশ এবং শিরশিরানি ভাব।
উত্তরবঙ্গে আজ শুক্র ও কাল শনিবার দুয়েক জেলার দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভবনা। রবিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গে। পরিষ্কার আকাশ। ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা।
কলকাতায় বৃষ্টি
ঘূর্ণাবর্তের পরোক্ষ প্রভাবে কলকাতায় গতকালের মতো আজও মাঝে মধ্যে হালকা মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। কাল বিকেল থেকে আপাতত আর বৃষ্টি নেই কলকাতায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)