SOCIAL MEDIA

Newsletter

PARTNER SITES
Select Language Select State

ভাইফোঁটায় রেকর্ড দাম, ২৫০ মিষ্টির পসরা সাজিয়ে কালনার দোকান, দমদম থেকেও এসেছেন ক্রেতা

Bhaiphonta: ছানার দামও কেজিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ৩১০ টাকা। পাশাপাশি বেড়েছে চিনির দামও

Reported By Sekender Abu Zafar Written By Sekender Abu Zafar
Published: Nov 10, 2026, 02:37 PM IST | Updated: Nov 10, 2026, 02:40 PM IST
Image Credit: মিষ্টির দাম আকাশছোয়া
Join

সঞ্জয় রাজবংশী: রাত পোহালেই ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করানোর প্রস্তুতিতে ব্যস্ত বোনেরা। আর সেই উৎসবের আবহেই কালনায় দাম বাড়ল বিখ্যাত মাখা সন্দেশের। ভাইফোঁটার আগে কেজিপ্রতি মাখা সন্দেশের দাম পৌঁছল ৫০০ টাকায়, যা সর্বকালীন রেকর্ড বলে দাবি মিষ্টি ব্যবসায়ীদের।

শুধু মাখা সন্দেশই নয়, ছানার দামও কেজিপ্রতি বেড়ে দাঁড়িয়েছে ৩১০ টাকা। পাশাপাশি বেড়েছে চিনির দামও। গুণগত মান বজায় রেখে মিষ্টি তৈরি করতে গিয়ে বাধ্য হয়েই দাম বাড়াতে হয়েছে বলে দাবি বিক্রেতাদের। তবে মিষ্টির দাম বাড়লেও ভাইফোঁটার বাজারে কোনও খামতি রাখতে চান না মিষ্টিপ্রেমীরা। আর এই উৎসবকে আরও মিষ্টিমুখর করে তুলতে কালনার বারুইপাড়া এলাকার মিষ্টি ব্যবসায়ী অভিজিৎ মোদক সাজিয়ে তুলেছেন প্রায় আড়াইশো রকমের হরেক স্বাদের মিষ্টির পসরা।

কেশর কালাকাঁদ, বেকড কালাকাঁদ, রোজ তালশাঁস, ম্যাঙ্গো তালশাঁস, বাটারস্কচ সন্দেশ, পাইনঅ্যাপেল সন্দেশ, মুগের নাড়ু, মুগের বরফি-সহ চোখ ধাঁধানো নানা ধরনের মিষ্টি রয়েছে তাঁর দোকানে। দাম শুরু মাত্র ১২ টাকা থেকে, সর্বোচ্চ ১২০ টাকা পর্যন্ত। ফলে সাধ্যের মধ্যে পছন্দের মিষ্টি বেছে নেওয়ার সুযোগও রয়েছে ক্রেতাদের সামনে।

আরও পড়ুন-পাইপলাইন বিপর্যয়ে থমকে গেল রেল! শিয়ালদহে বাতিল ও ঘুরপথে একগুচ্ছ ট্রেন, দিশেহারা যাত্রীরা

মিষ্টি ব্যবসায়ী অভিজিৎ মোদক জানান, গত বছর ১০ টাকা থেকে সন্দেশের দাম শুরু হয়েছিল। কিন্তু এবছর ছানার দাম অত্যধিক বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই ১২ টাকা থেকে দাম শুরু করতে হয়েছে। ভাইফোঁটাকে কেন্দ্র করে ক্রেতাদের চাহিদা মেটাতে দিনরাত এক করে কাজ করছেন দোকানের কর্মচারীরাও। তাঁদের এখন নাওয়া-খাওয়ারও সময় নেই।

অন্যদিকে, শুধু স্থানীয় ক্রেতারাই নন, দূরদূরান্ত থেকেও মিষ্টি কিনতে আসছেন অনেকে। দমদম থেকে কালনায় মিষ্টি কিনতে আসা এক ক্রেতার কথায়, তাঁদের এলাকার তুলনায় কালনায় মিষ্টির দাম অনেকটাই কম। পাশাপাশি মিষ্টির গুণগত মানও অত্যন্ত ভালো। তাই এখান থেকেই মিষ্টি কিনে নিয়ে যাচ্ছেন তিনি। সবে মিলিয়ে ভাইফোঁটার আগে জমজমাট কালনার মিষ্টির বাজার।

দাম নিয়ে যতই আলোচনা থাকুক, ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পর নিজের হাতে মিষ্টি তুলে দেওয়ার আনন্দই যেন সব হিসেবকে হার মানাচ্ছে। আর সেই আনন্দকে আরও মিষ্টিময় করে তুলতেই কালনার মিষ্টির দোকানে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X, Youtube, Instagram পেজ-চ্যানেল)

Add Zee News as a Preferred Source
TAGS:

About the Author

প্রিন্ট মিডিয়া দিয়ে শুরু। বর্তমানে ডিজিটালে। সবেমিলিয়ে প্রায় দু'দশক। রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রাইম, ক্রীড়া, ইতিহাস, ফিচার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে বস্তুনিষ্ঠ লেখালেখিতে বিচরণ।

ZEENEWS TRENDING STORIES