প্রদ্যুত্ দাস: রাজত্ব নেই, নেই রাজাও। কিন্তু আজও অটুট রাজকীয় ঐতিহ্য। ইতিহাস আর প্রাচীন রীতিনীতিকে আঁকড়ে ধরে ৫১৭ বছরে পদার্পণ করল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো। শতাব্দীপ্রাচীন এই পুজো ঘিরে এখন সাজ সাজ রব রাজবাড়ি চত্বরে।
চতুর্থীতেই দেবী দুর্গা-সহ অন্যান্য প্রতিমাকে বস্ত্র পরানোর কাজ সম্পন্ন হয়েছে। রাজবাড়ির এই বিশেষ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন এলাকার মহিলারা। পঞ্চমীতেও চলবে মায়ের সাজসজ্জার কাজ।
রাজবাড়ির দুর্গাপুজোর পরতে পরতে রয়েছে চমক। এখানে দেবী দুর্গার পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশের সঙ্গে পুজো হয় সিংহ ও বাঘেরও। শুধু তাই নয়, জয়া-বিজয়া থেকে শুরু করে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং মহামায়া চণ্ডীরও আরাধনা করা হয়। কালিকাপুরাণ মেনে আজও নিষ্ঠার সঙ্গে চলে পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান।
রাজপরিবারের সদস্য লিন্ডা বোস জানান, ষষ্ঠীতে বেলতলা, পাকুড়তলা ও বটতলায় বিশেষ পুজোর পর সন্ধ্যায় হবে দেবীর বোধন। সপ্তমীতে বরণ ও প্রাণপ্রতিষ্ঠা। রাতেই অনুষ্ঠিত হবে বিশেষ অর্ধরাত্রির পুজো। অষ্টমীতে অঞ্জলী, ভোগ নিবেদন ও সন্ধ্যারতি। নবমীতেও প্রাচীন নিয়ম মেনে চলবে দেবীর আরাধনা।
তবে এই রাজবাড়ির পুজোর সবচেয়ে বড় আকর্ষণ দশমীর আমিষ ভোগ। প্রাচীন রীতি মেনে দেবীকে নিবেদন করা হয় ইলিশ মাছ, পুঁটিমাছ, কচুশাক, পান্তাভাত ও শাপলা। বছরের পর বছর ধরে একই নিয়মে চলে আসছে এই বিশেষ ভোগ নিবেদনের প্রথা।
সময় বদলেছে। রাজতন্ত্র আজ ইতিহাস। কিন্তু বদলায়নি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য। প্রজন্মের পর প্রজন্ম ধরে বংশপরম্পরায় চলে আসা এই পুজো আজও জলপাইগুড়ির ইতিহাস, সংস্কৃতি ও আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে।
একদিকে রাজকীয় ইতিহাস, অন্যদিকে দেবী আরাধনার নিষ্ঠা। সব মিলিয়ে দুর্গোৎসবের আবহে আরও একবার জীবন্ত হয়ে উঠেছে জলপাইগুড়ির ৫১৭ বছরের প্রাচীন বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোর ঐতিহ্য।
লিন্ডা বোস বলেন, এবার আমাদের পুজো ৫১৭ বছরে পা দিল। আজ থেকে মায়ের সাজসজ্জার শুরু। আগামিকালও মায়ের সাজেই লেগে যাবে। ষষ্ঠী থেকে আমাদের নিয়ম কানুন সবই শুরু হচ্ছে। জলপাইগুড়ির বিভিন্ন জায়গা থেকে মহিলারা আসেন। তারাই শাড়ি পরান। বিভিন্ন জায়গা থেকে শাড়ি আসে। বাংলাদেশ, অসম থেকেও শাড়ি এসেছে। মায়ের গহনা পরানো হবে আগামিকাল।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)