দুর্গাপুজোয় কুমারী রূপে আরাধনা, জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে উৎসবের আবহ
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো, দেবীরূপে পূজিত ৬ বছরের হৃতিকা। ধর্মীয় আচার মেনে রামকৃষ্ণ মিশনে কুমারী পুজো, সকাল থেকেই ভক্তদের ভিড়।
প্রদ্য়ুত্ দাস: নিয়ম-নিষ্ঠা ও ধর্মীয় আচার মেনে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে কুমারী পুজো, ভক্তদের ঢল। দুর্গাপুজো উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী কুমারী পুজো। এই পুজো দর্শন করতে সোমবার আশ্রমে ভিড় জমালেন অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। শুধু জলপাইগুড়ি জেলা নয়, পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও বহু মানুষ এই পুজো দেখতে উপস্থিত হন।
রামকৃষ্ণ মিশন আশ্রমের কুমারী পুজো ধর্মীয় আচার-অনুষ্ঠান ও কঠোর নিয়ম-নিষ্ঠার সঙ্গে সম্পন্ন হয়। এই পুজোর অন্যতম আকর্ষণ একটি শিশু কন্যাকে দেবী দুর্গার প্রতীক হিসেবে কুমারী রূপে পুজো করা। আশ্রমের মহারাজের পৌরোহিত্যে সম্পূর্ণ ধর্মীয় রীতিনীতি মেনে এই পুজো অনুষ্ঠিত হয়। ভক্তি, নিষ্ঠা ও আধ্যাত্মিক পরিবেশে কুমারী পুজো দেখতে সকাল থেকেই আশ্রমে ভক্তদের সমাগম হতে থাকে।
আরও পড়ুন, 'চোখের সামনে দেখলাম শ্রীপর্ণা...', ঠাকুর দেখতে গিয়ে বন্ধুকে হারালেন শুভাঙ্গী
এবারে কুমারী রূপে পূজিত হল সেন্টপলস স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী হৃতিকা চক্রবর্ত্তী, যার বয়স ৬ বছর ১০ মাস। হৃতিকা বাবা গ্রাম পঞ্চায়েত কর্মচারী এবং মা প্রাথমকি স্কুল শিক্ষিকা। খুদের বাড়ি জলপাইগুড়ির নিউটাউন পাড়ায়। প্রথমবার মেয়ে কুমারী হয়েছে, স্বভাবতই উচ্ছ্বসিত বাবা-মা। পবিত্র প্রতিষ্ঠানে আমার মেয়ে কুমারী হতে পেরেছে এর থেকে বেশি আনন্দের আর কিছুই হতে পারে না, বললেন হৃতিকার মা। ভীষণ ছবি আঁকতে ভালোবাসে মেয়ে তবে এদিন কিন্তু শান্ত হয়ে বসেছিল।
এ বছর জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের দুর্গাপুজো আরও একটি বছর পূর্ণ করল। সারা বছর ধরে এই পুজোর জন্য অপেক্ষা করে থাকেন বহু ভক্ত। বিশেষ করে কুমারী পুজোকে কেন্দ্র করে মানুষের মধ্যে আলাদা উন্মাদনা দেখা যায়। কোনও ধরনের জাঁকজমক ছাড়াই প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় রীতিনীতি মেনে আশ্রমে পুজো সম্পন্ন হয়।
কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য দিয়ে ভক্তদের উপস্থিতিতে কুমারী পুজো অনুষ্ঠিত হয়। দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা পুজো দর্শন করে ভক্তিভরে প্রার্থনা জানান। সব মিলিয়ে ধর্মীয় নিষ্ঠা, আধ্যাত্মিক পরিবেশ ও ঐতিহ্যের মেলবন্ধনে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের কুমারী পুজো ঘিরে এদিন উৎসবমুখর হয়ে ওঠে গোটা আশ্রম চত্বর।
আরও পড়ুন, চোরবাগান কাণ্ডের পর কড়া পদক্ষেপ, মণ্ডপের ভিতরে ছবি-ভিডিয়ো তোলা নিষিদ্ধ!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, বিজনেস, লাইফস্টাইল, কেরিয়ার, ইউটিলিটির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)